প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:০৩ পিএম |

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থনে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কাঁচি নূরানি মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৪ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।সভায় বক্তারা বিপুলাসার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় সংসদ সদস্য আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আনোয়ার হোসেন দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন।
বক্তারা আরও বলেন, আনোয়ার হোসেনকে বিজয়ী করতে ৪ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মতবিনিময় সভায় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘বিপুলাসার ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দেওয়ার জন্য সংসদ সদস্য আবুল কালাম এমপির কাছে আমি কৃতজ্ঞ। তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।’তিনি আরও বলেন, ‘আগামীর বিপুলাসার ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাজ করতে চাই। শিক্ষা ও শান্তির পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।’৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আবদুল মান্নান,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহজাহান, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ আলম, সিনিয়র সহসভাপতি বাবুল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য আশরাফুল আলম সুমন। মতবিনিময় সভায় গ্রামের নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।