কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৫ নারী সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১৩টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার নগরীর বাজার ও বিপনি বিতানগুলোতে পৃথক কয়েকটি অভিযানে তাদের আটক করা হয়। বিকালে জেলা পুলিশ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) ও হবিগগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।
বিজ্ঞপ্তিতে পুলিশ উল্লেখ করেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শহরের বিভিন্ন এলাকার শপিংমল, হাট বাজার, মার্কেট ও বিপনী বিতানে ক্রেতার ছদ্মবেশে মানুষের ভিড়ে মিশে গিয়ে সাধারণ জনগণের মোবাইল, টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি ও ছিনতাই করে। এই চক্রটি নগরীর একটি বাসা ভাড়া নিয়ে পূর্বপরিকল্পিত অবস্থান ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে অপরাধ সংগঠিত করে দ্রুত পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, আসন্ন পূজায় আন্ত :জেলা নারী চোর চক্রের সদস্যরা বিভিন্ন শপিংমল ও বিপনী বিতানে ক্রেতার ছদ্মবেশে সাধারণ মানুষের ভিড়ে মোবাইল মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো.আনিসুজ্জামান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আন্ত: জেলা চোর চক্রের ৫ নারীকে আটক করে। অভিযানে তাদের কাছ থেক ১৩টি চোরাই মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার চোর চক্রের সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছে। এরআগেও তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে। পরে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
