নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসে ৪১ কার্যদিবসে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে ৯৪৪টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। এসব বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দেনমোহর, ভরণপোষণ ও লেনদেন বাবদ মোট ১ কোটি ৩২ লাখ ৮২ হাজার ৮৫০ টাকা আদায় করে সংশ্লিষ্ট বিচারপ্রার্থীদের দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির ১১৩তম মাসিক সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সভায় চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মনিকা খান লিগ্যাল এইড অফিসের সাম্প্রতিক কার্যক্রম ও সেবার পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি জানান, গত ২৮ জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৪১ কার্যদিবসে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপসের জন্য মোট ২ হাজার ৩৩৫টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে ৯৪৪টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।
একই সময়ে ২ হাজার ৪৪০ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয় এবং ২২৮ জন অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল বিচারপ্রার্থীর পক্ষে সরকারি আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি আইনগত সহায়তার মাধ্যমে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ হয়েছে। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে অল্প সময়ে ও তুলনামূলক কম খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
তিনি আরও বলেন, মাত্র ৪১ কার্যদিবসে ৯৪৪টি বিরোধ নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিপুল পরিমাণ অর্থ আদায় করে দেওয়া প্রশংসনীয়। অর্থের অভাবে কোনো অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারি লিগ্যাল এইড কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীল করা, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিথিলা ইসলাম, শাহিন আক্তার ও খাইরুন্নেছা বেগম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরহাদ রায়হান ভূইয়া, যুগ্ম জেলা ও দায়রা জজ মানিক দাস, পাপিয়া নাগ, ঝুমু সরকার ও শেখ সাদী রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ উল্লাহ, জেলা সরকারি কৌশুলি অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) নুসরাত জাহান জিনিয়া।
