দেবিদ্বার প্রতিনিধি: দেবিদ্বারে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবদলের এক নেতাসহ তিনজনকে ৭ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করেন আইনশৃঙ্খলা বাহিনী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদন্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শ্রীপুর গ্রামের বজলুর রহমান মাস্টারের ছেলে ও দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সার (৫০)। অপর দুজন হলেন শ্রীপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল আজিজ(৩৬) ও ধলিপুকুরিয়া গ্রামের আব্দুল হালিমের পুত্র সোহেল (৩২)।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান বলেন, মাদক সেবনের দায়ে যুবদলের কারো জেল বা জরিমানা হয়েছে তা আমার জানা নেই, তবে আমাদের কেউ যদি মাদকের সাথে জরিত থাকে অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ইউএনও স্যার তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করেন। পরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন। তারা জরিমানার টাকা পরিশোধ করবেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালানো হয়। সেখানে তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদক সেবনের দায়ে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
