কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওইদিন সকালে তিনি লাকসামের ঐতিহ্যবাহী একমাত্র বালিকা বিদ্যালয়টি পরদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট, অবকাঠামো এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরদর্শন করেন। এ সময় শিক্ষকদের পাঠদান এবং শিক্ষার্থীদের পাঠ গ্রহণের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে আন্তরিকভাবে কাজ করলে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকায় মেয়েদের জন্য সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এ সময় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, লাকসাম পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক অফিসার মো. আকতার হোসেন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশ্বতম সাহা বিশু, প্রধান শিক্ষক দিলিপ কুমার ভৌমিক এবং শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার একইদিন উপজেলার আজগরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, পশ্চিমগাঁও ভূমি কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়, লাকসাম থানা এবং লাকসাম পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার উপজেলা এবং পৌরসভার নাগরিকদের সেবা প্রদান নিশ্চিতকল্পে বিধি মোতাবেক ও আইনগতভাবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন।
