নিজস্ব প্রতিবেদক: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা মডার্ন হসপিটালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। এ সময় তিনি হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দীন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুল্লাহ শাহরিয়ার।
কুমিল্লা মডার্ন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশার ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. বেলাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. রাশেদুল ইসলাম বাপ্পি, ডা. জাকির হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, হৃদরোগ বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, শারীরিক পরিশ্রমের অভাব ও উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তারা আরও বলেন, হৃদরোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানো জরুরি। সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হৃদরোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
বিশ্ব হার্ট দিবসের এ আয়োজন হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ, সুন্দর ও হৃদরোগমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
