মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩
বিচার দাবিতে কুবিতে মানববন্ধন, দুই আসামি শিশু উন্নয়ন কেন্দ্রে
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ এএম আপডেট: ২২.০৯.২০২৬ ২:১১ এএম |



 বিচার দাবিতে  কুবিতে মানববন্ধন,  দুই আসামি শিশু উন্নয়ন কেন্দ্রেনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াক শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক মানববন্ধনে দ্রুত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, ক্যাম্পাসে পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। তাঁর সহকর্মী শিক্ষকরা মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি করেন তারা।
এদিকে রবিবার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। মামলায় সরাসরি জড়িত তিন আসামি এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার অপর একজনকে রবিবার রাতে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
তবে বয়স কম হওয়ায় হত্যাকাণ্ডে সরাসরি অভিযুক্ত মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও কামরুল হাসান (১৬)কে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
পুলিশ জানায়, অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করেন অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। 
এর আগে প্রায় ২১ ঘণ্টা নিখোঁজ থাকার পর শনিবার কুমিল্লার লালমাই পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২