ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, রূপম কুমার সরকার, মোঃ শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর আল আহসান ও লিংকন কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন- ব্রাহ্মণপাড়া সদরের মোঃ রেজাউল (২২) ও শিপন (২৪); গঙ্গানগরের সাব্বির হাসান (২৪), আব্দুল করিম (২৫), মোঃ শাকিল (২২) ও মোঃ সাগর (২৪); জগতপুরের মোঃ সাইফুল (১৮) ও মোঃ শাকিব (৩৩); দধিখোলার মোঃ লিটন (৩৩) এবং ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার মোঃ মেহেদী হাসান রানা (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক ১০ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
