শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
পীরযাত্রাপুরে মিজানুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১২:৪৯ এএম |


 পীরযাত্রাপুরে মিজানুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণনিজস্ব প্রতিবেদক।।
কখনো বাজারের ব্যবসায়ীর সঙ্গে কুশল বিনিময়, কখনো সাধারণ মানুষের কাছে গিয়ে এলাকার কথা শোনা—এভাবেই মানুষের দোরগোড়ায় পৌঁছে নিজের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান ভূইয়া বিএসএস, এলএলবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর বাজারে গণসংযোগ করেন তিনি। এ সময় বিএনপির উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন, তা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মিজানুর রহমান ভূইয়া সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা ইউনিয়নের কাঁচা রাস্তা, যোগাযোগব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণে সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপদ ও সুন্দর জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক ও জুয়ার কারণে সমাজে চুরি-ডাকাতিসহ নানা অপরাধ ও সামাজিক অসংগতি সৃষ্টি হয়। তাই মাদক ও জুয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার চেষ্টা করা হবে।
মিজানুর রহমান ভূইয়া বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে পীরযাত্রাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করব। কুমিল্লা-৫ আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের সহযোগিতা নিয়ে এই ইউনিয়নকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
গণসংযোগে তিনি মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তার এই গণসংযোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে সাদকপুর বাজার, দক্ষিণ শ্যামপুর, বরুইয়ার চর ও সাদকপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নশু মিয়া মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, বিএনপি নেতা এনামুল হক বাবুল মেম্বার, সুলতান আহমদ ভূইয়া, আলী আহমেদ ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোঃ মিজানুর রহমান ভূইয়া উপজেলা বিএনপির উপদেষ্টা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক। তিনি মেসার্স ইস্টার্ন ফিলিং স্টেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২