নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িয়া এলাকায় মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব রনিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজনের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব রনির নাম নিশ্চিত করেছে পুলিশ। তবে অভিযান অব্যাহত থাকায় অপর তিনজনের নাম জানায়নি পুলিশ।
পুলিশের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা মহাসড়কে মিছিল করে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে গ্ৰেফতার করা হয়। পরে তাদের সদর দক্ষিণ থানায় নেওয়া হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
ওসি রকিবুল ইসলাম বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এ অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব রনিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা বর্তমানে থানায় রয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। থানার প্রয়োজনীয় কার্যক্রম শেষে শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ওসি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে কী কী ধারায় মামলা হবে, তা যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হবে।
