
দেবিদ্বারে মাদককে
‘জিরো টলারেন্স’ ঘোষণা করে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া (সার্কেল) এর সিনিয়র
সহকারি পুলিশ সুপার মো. শাহীন বলেছেন, কুমিল্লা পুলিশ সুপারের নেতৃত্বে
মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে’ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে বেশ কিছু মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়েছে। মাদক নিয়ে কারও
সঙ্গে আপোষ নয়, দেবিদ্বারে হয় মাদক থাকবে না হয় থানা-পুলিশ থাকবে।
রবিবার
(১৬ আগস্ট) বিকালে দেবিদ্বার পুরাতন বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত
মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশটি আয়োজন করে দেবিদ্বার থানা পুলিশ। এতে
সভাপতিত্ব ও স¦াগত বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
মনিরুজ্জামান। সমাবেশে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল উচ্চ
বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ
অংশ নেয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) অশোক বিক্রম চাকমা, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু.
সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসের পাঠান
ভুলু, সাবেক সভাপতি মহিউদ্দিন সরকার (ভিপি মাহফুজ), বৈষম্যবিরোধী
ছাত্রআন্দোলন নেতা মো.সিয়াম হোসেন, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুলসহ
স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক।
দেবিদ্বার থানার
পুলিশ-পরিদর্শক (তদন্ত) মো.ইমাম হাসানের সঞ্চালনায় ইউএনও অশোক বিক্রম চাকমা
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকের ছোবল যাকে গ্রাস করেছে তাকে ওখান
বের করা খুবই কঠিন। এখানে যারা শিক্ষার্থী আছো তোমরা নিশ্চয়ই মাদকের কুফল
সর্ম্পকে জানো, তোমরা এই জানা নিজেদের মধ্যে না রেখে তোমাদের সহপাঠি ও
সমাজে যারা মাদকে জড়িত তাদের কাছে এই কুফলের বার্তা পৌছে দাও। আমরা সবাই
যার যার অবস্থান থেকে সচেতন হলে দেবিদ্বারে মাদকমুক্ত সমাজ গড়ে হবে। তোমরা
যারা মাদক সেবন করে, যারা বিক্রি করে অথবা যারা বহন করে তাদের তথ্যগুলো
পুলিশকে জানাও। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
মাদকের
যেকোন তথ্য মোবাইল ফোনে জানানোর জন্য নিজের ফোন নম্বর দিয়ে পুলিশ সুপার
মো. শাহীন আরও বলেন, আমার ও থানার ওসির ফোন নম্বরে তোমরা মাদকের তথ্যগুলো
দাও, আমরা তোমাদের নাম পরিচয় গোপন রাখবো, যদি তাও না পারো দেবিদ্বার থানার
ভিতরে মাদক নিয়ে একটি ‘অভিযোগ বক্স’ টানানো থাকবে তোমরা মাদক সংশ্লিষ্ট
ব্যক্তির নাম-ঠিকানা লিখে ওই অভিযোগ বক্সে জমা দাও কথা দিচ্ছি আমরা সঙ্গে
সঙ্গে অভিযান পরিচালনা করব। পুলিশের পোশাক পড়েছি বলেই এই দায়িত্ব শুধু যে
আমার আমরা তা ভাবছি না, আমরা ভাবি এই কাজ সবার। সবাই মিলে সহযোগিতা করলে
দেবিদ্বারে মাদকের নাম-নিশানাও রাখবো না, আজকে থেকেই না এখন থেকেই মাদকের
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলাম।
