ঐতিহ্যবাহী নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বিএসসি স্যারের স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ আগস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাগাইশের সর্বস্তরের জনগণ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. সোহেল রানার সভাপতিত্বে এবং কুমিল্লা পুলিশ লাইনস স্কুলের শিক্ষক আসাদুর রহমানের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, সাবেক শিক্ষক হানিফ ভূঁইয়া, মনিরুল হক ও মো. মোবারক হোসেন। এ ছাড়া শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বড়ধুশিয়া মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার লতিফ, অধ্যাপক বজলুর রহমান, ড. মনির হোসেন ও মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মো. শাহজালাল এবং সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমন রেজা।
ব্যাচভিত্তিক স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী ব্যাংকার আবদুর নূর ফেরদৌস, জসীম উদ্দীন, জালাল উদ্দীন, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ হোসেন, সাদেকুর রহমান, আহাম্মেদ মোশতাক, ড. ফেরদৌস আলম, নজরুল ইসলাম, হৃদয় ও তোফাজ্জলসহ আরও অনেকে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে আবেগঘন বক্তব্যদেন দেশ ও বিদেশে অবস্থানরত বহু প্রাক্তন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী জুয়েল আহম্মদ, কানাডাপ্রবাসী নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী বায়েজিদ রহমান ও আব্দুল আল মামুন, সহযোগী অধ্যাপক (পিএইচডি গবেষক) মো. আরিফুল ইসলাম এবং মোহাম্মদ আলা উদ্দীন।
দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন ‘জাহিদুলিয়ান’ শিক্ষার্থীদের আত্মিক ও আর্থিক অংশগ্রহণে সফলভাবে এ নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। আলোচনা সভা শেষে মরহুম তোফায়েল আহমেদ বিএসসি স্যারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
