“রূপালি
মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক
শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে এবং
মুরাদনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে রবিবার (১৬ আগস্ট) সকালে ১৬
দিনব্যাপী (১৬-৩০ আগস্ট) এ কর্মসূচির সূচনা হয়।
দিনটি উদযাপন উপলক্ষে
সকাল ১০টায় মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি
বের করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে উপজেলার কর্মকর্তা,
স্থানীয় ব্যক্তিবর্গ ও মৎস্যচাষীদের অংশগ্রহণে র্যালিটি প্রশাসনিক ভবনের
আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা নজরুল
মিলনায়তনে এসে এক প্রীতি আলোচনায় মিলিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন
লাল দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব
হাছান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন
বলেন, "আমাদের জাতীয় পুষ্টির বড় একটি অংশ আসে মাছ থেকে। মুরাদনগর উপজেলায়
প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও
বাড়ানো সম্ভব। আধুিনক প্রযুক্তি ব্যবহার ও বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ মাছ
চাষের মাধ্যমে আমাদের স্বনির্ভরতা বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসন থেকে
মৎস্যচাষীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।"
অনুষ্ঠানের সভাপতি ও
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ তাঁর বক্তব্যে উপজেলার মৎস্য খাতের
সম্ভাবনা তুলে ধরেন এবং চাষীদের কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।
আলোচনা
সভা শেষে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় সফল
মৎস্যচাষীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথি ও
মৎস্য বিভাগের কর্মকর্তারা উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে রুই,
কাতলা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম। এছাড়া
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম
আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার
বিপুল সংখ্যক মৎস্যচাষী।
উল্লেখ্য, ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ জাতীয়
মৎস্য পক্ষ আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন
ইউনিয়নে পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষীদের বিশেষ প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা ও
কারিগরি পরামর্শ সেবা প্রদান করা হবে বলে উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা
গেছে।
