
কুমিল্লার
বুড়িচংয়ে বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর রেখে দেওয়া একটি মোটরসাইকেল চুরির
অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ
পর্যালোচনা করে অজ্ঞাত দুই ব্যক্তিকে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা গেছে বলে
অভিযোগ করেছেন মালিক।
বুধবার (১৩ আগস্ট) বুড়িচং থানায় দেওয়া লিখিত
অভিযোগে এ তথ্য জানান উপজেলার ৪ নং ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকার বাসিন্দা
উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা অটোরিকশা বাইক সমিতির
সভাপতি ০ মো. শহিদুল্লাহ (৬৫)। তিনি মৃত আব্দুল অহিদের ছেলে।
অভিযোগ
সূত্রে জানা যায়, মো. শহিদুল্লাহর মালিকানাধীন কালো রঙের একটি হিরো
মোটরসাইকেল রয়েছে। তিনি গত ২৩ জুন ২০২৪ তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্ট
এলাকার সোনারগাঁও মোটর গ্যালারি নামের একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার
টাকা দিয়ে মোটরসাইকেলটি কেনেন। মোটরসাইকেলটির চেসিস নম্বর
চঝ১ঐঅড২০৫জঔঅ০০১১১ এবং ইঞ্জিন নম্বর অঐ১০অঔচ৯ঋ০০৯৩০।
অভিযোগে বলা হয়,
বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে বুড়িচং থানাধীন ৪ নং ষোলনল ইউনিয়নের
গাজীপুর এলাকায় নিজ বসতবাড়ির সামনে পাকা সড়কের ওপর মোটরসাইকেলটি রেখে তিনি
বাড়ির ভেতরে চলে যান। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বাইরে এসে দেখতে পান,
মোটরসাইকেলটি সেখানে নেই।
পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও
মোটরসাইকেলটির সন্ধান পাননি তিনি। এরপর বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ
পর্যালোচনা করে দেখতে পান, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে
যাচ্ছে।
অভিযোগকারী আরও জানান, সিসিটিভি ফুটেজে অজ্ঞাত ব্যক্তিদের দেখা
গেলেও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি
জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের কাছে আবেদন
করেছেন।
এ বিষয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার মোঃ রাকিবুল ইসলাম বলেন গত
বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুই
ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া গেছে।
চোরদের সনাক্তের কাজ চলছে এবং পুলিশি অভিযান অব্যহৃত রয়েছে।
