বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
সংস্কারকাজে নাকাল মহাসড়ক
থেমে থেমে চলছে যানবাহন, ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রী-চালক
তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১২.০৮.২০২৬ ১:৫০ এএম |

 সংস্কারকাজে নাকাল মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক সংস্কারকাজ ও খানাখন্দের কারণে প্রতিনিয়তই বাড়ছে যানজট। মঙ্গলবার সকাল থেকে জেলার আমতলী বিশ্বরোড এলাকায় সংস্কারকাজ চলায় আমতলী বিশ্বরোড থেকে পদুয়া বাজার বিশ্বরোড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রী ও চালকদের।
মঙ্গলবার সকাল থেকেই মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। আমতলী বিশ্বরোড এলাকায় মেরামতকাজ চলায় একাধিক পয়েন্টে যান চলাচল সংকুচিত হয়ে পড়ে। ফলে এর প্রভাব পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ধীরে ধীরে যানজট দীর্ঘ হয়ে আমতলী বিশ্বরোড থেকে পদুয়া বাজার বিশ্বরোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল ইসলাম দৈনিক কুমিল্লার কাগজ ও দৈনিক বাংলাকে বলেন, মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় সংস্কারকাজ চলমান থাকায় যানবাহনের গতি কমে গেছে। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
দেশের অর্থনীতির অন্যতম প্রধান যোগাযোগপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পণ্য পরিবহন থেকে শুরু করে দূরপাল্লার যাত্রীবাহী বাস—প্রতিদিন হাজার হাজার যানবাহন এই মহাসড়ক ব্যবহার করে। কিন্তু কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা, খানাখন্দ ও সংস্কারকাজের কারণে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন মহাসড়কের ব্যবহারকারীরা।
মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও উঠে গেছে সড়কের কার্পেটিং। এর মধ্যে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশের অবস্থা আরও খারাপ হয়েছে। ফলে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
সংশ্লিষ্টদের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিদিন ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার যানবাহন চলাচল করে। জেলার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যানবাহনের গতি কমে যাচ্ছে। তার ওপর বিভিন্ন স্থানে একসঙ্গে সংস্কারকাজ চলায় যানজটের মাত্রা আরও বেড়ে যাচ্ছে।
মঙ্গলবার কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রায় এক ঘণ্টা যানজটে আটকে ছিলেন ব্যবসায়ী আরাফাত ইসলাম। তিনি দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এক ঘণ্টা ধরে আটকে আছি। এর আগেও একই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। মহাসড়কে একটু পরপর যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।”
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া দৈনিক কুমিল্লার কাগজ ও দৈনিক বাংলাকে বলেন, “আমতলী বিশ্বরোড এলাকায় সকাল থেকে মেরামতকাজ চলমান রয়েছে। এ কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা ধীরগতি হয়েছে।”
এদিকে মহাসড়কের নিয়মিত ব্যবহারকারী চালক ও যাত্রীরা দ্রুত সংস্কারকাজ শেষ করার পাশাপাশি কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে তৈরি হওয়া খানাখন্দ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘস্থায়ী যানজট ও জনদুর্ভোগ কমাতে পরিকল্পিতভাবে সংস্কারকাজ সম্পন্ন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২