নিজস্ব প্রতিবেদক।।
২০২৬
সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক
৪২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। বোর্ডের প্রকাশিত
শতভাগ পাসের তালিকায় শীর্ষ ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে
কুমিল্লা শিক্ষাবোর্ড। তালিকায় সেরাদের প্রথমে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার
বিজয়নগরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল অ্যান্ড কলেজ) থেকে ১৩ জন পরীক্ষার্থী
অংশ নিয়ে সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। একই উপজেলার এ সুবাহান
মডেল হাই স্কুলের ৯ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এছাড়াও একই
জেলার পঞ্চগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে
এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।
এদিকে কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি
বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ
হয়েছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২২০ জন। একই এলাকার আওয়ার লেডি অব
ফাতিমা গার্লস হাই স্কুলের ১৪৬ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯০
জন। কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকার কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ জন
পরীক্ষার্থীর সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। কুমিল্লা আদর্শ সদরের
মানামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৩৭ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫
পেয়েছে ২৭ জন। এ জেলা বরুড়ার উপজেলার আগানগর আবুল বশির টেকনিক্যাল হাই
স্কুলের ২০ জনের সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছে ২ জন।
অন্যদিকে চাঁদপুর
সদরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৭০ জন পরীক্ষার্থীর
সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এ জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইলট
বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৫ জনের সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
একই জেলার হাজীগঞ্জের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির ৪৯ জনের সবাই উত্তীর্ণ
হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ফরিদগঞ্জের কচুয়া শহীদ হাবিব উল্লাহ উচ্চ
বিদ্যালয়ের ৩২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে, তবে কেউ জিপিএ-৫ পায়নি।
এছাড়া শাহরাস্তির জোবেদা মতিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ জন
পরীক্ষার্থীর সবাই পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।
