কুমিল্লা
ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিন বছর
মেয়াদে তাকে নিয়োগ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ০৯ আগস্ট মন্ত্রণালয়ের পানি সরবরাহ
বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা: আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
এই নিয়োগ প্রদান করা হয়।
আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিমকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর
মেয়াদে নিয়োগ প্রদান করা হলো।
চলতি বছরের ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের
নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়। ঐদিন সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের
সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য,
কুমিল্লা সিটি করপোরেশনের ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের
প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার লক্ষ্যে
সরকার আনুষ্ঠানিকভাবে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও
উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এই উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ
দিকনির্দেশনা দেওয়া হয়।
ওয়াসা প্রতিষ্ঠার মাধ্যমে কুমিল্লা শহরের
নাগরিকদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, আধুনিক পয়োনিষ্কাশন
ব্যবস্থা এবং কার্যকর পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
প্রতিষ্ঠার পর
থেকে এই কর্তৃপক্ষ কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পানি সরবরাহ ও ড্রেনেজ
ব্যবস্থার আধুনিকায়নের সম্পূর্ণ দায়িত্ব পালন করবে।
