
বাংলাদেশ
দোকান মালিক সমিতি কুমিল্লা মহানগর শাখার ১০৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি
ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে কুমিল্লা
নিউমার্কেটের সাবেক সিনিয়র সহসভাপতি মো. শওকত আলী বকুলকে সভাপতি এবং
ইস্টার্ণ ইয়াকুব প্লাজার সভাপতি মনজুরুল আলম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা
হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লা
মহানগর শাখার নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। সংগঠনের সভাপতি মো.
হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
কমিটিতে ফাইন্ড টাওয়ারের ভাইস চেয়ারম্যান মো. গোলাম সারোয়ারকে সিনিয়র
সহসভাপতি, কুমিল্লা জেলা ঢেউটিন মালিক সমিতির সভাপতি মো. আবদুল জলিলকে
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক
মো. শরিফুল ইসলাম সওদাগরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বাংলাদেশ দোকান
মালিক সমিতি সূত্রে জানা যায়, কুমিল্লা মহানগরের ব্যবসায়ীদের বিভিন্ন
সমস্যা সমাধান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং তাদের মধ্যে ঐক্য ও সমন্বয়
জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ
দোকান মালিক সমিতির পক্ষ থেকে কুমিল্লা মহানগর শাখার ১০৫ সদস্যবিশিষ্ট
কার্যকরী কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির
নেতারা কুমিল্লা মহানগরের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা
সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে
সংগঠিতভাবে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
