প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আব্দুস সালামকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল এ তথ্য দিয়েছেন।
তিনি
বলেন, তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. বুলবুল আহমেদ আসামিকে
পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির জামিনের আবেদন করেন
তার আইনজীবী।
তদন্ত কর্মকর্তা না আসায় আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ২৪ মার্চ ধার্য করেছেন।
তার
আগে এদিন সকাল ৭টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে আব্দুস সালামকে
গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।
মামলার
বিবরণীতে বলা হয়েছে, সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয় দিয়ে
‘অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ’
নানা প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন।
সালামের বিরুদ্ধে সুনির্দিষ্ট
অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছলে তদন্ত শুরু হয়। তদন্তে
পাওয়া তথ্যের সত্যতা যাচাই ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল
সকালে আগারগাঁওয়ের পানির ট্যাংকি এলাকায় তার বাসায় অভিযান চালায়।
