কুমিল্লার
বরুড়া বাজার নিত্যপণ্য খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের
স্বার্থ সুরক্ষায় বরুড়া বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা
প্রশাসন। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) আহসান হাফিজ এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামের
নেতৃত্বে গঠিত একটি টিম সোমবার প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মনিটরিং
কার্যক্রম পরিচালনা করেন।
অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা
প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, পণ্যের মান ও মজুত পরিস্থিতি
পর্যবেক্ষণ করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে
জরিমানা করা হয় এবং কিছু দোকানদারকে কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের
পক্ষ থেকে জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা
আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে
নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে
স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা মনে করেন, নিয়মিত মনিটরিং
কার্যক্রম বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের
ভোগান্তি কমাবে।
সুশাসন ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এমন তৎপরতা বরুড়া বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
