
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। ক্রীড়াঙ্গনের একজন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বইছে অভিনন্দনের জোয়ার।
দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড আমিনুলকে অভিনন্দন জানিয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বাক্ষরিত অভিনন্দন পত্রে ফুটবল ও ক্রীড়াঙ্গন তার নেতৃত্বে এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের বাইরে রয়েছেন৷ বিসিবির এক বিবৃতিতে সাবেক কৃতিমান ফুটবলার মন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়ে ক্রীড়াঙ্গনে ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য ফেডারেশনগুলোও নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। ফেডারেশনের পাশাপাশি ক্রীড়াবিদ, সংগঠকরা ব্যক্তিগতভাবেও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন।
ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি পৃথক পৃথক অভিনন্দন বার্তা দিয়েছে।
