
নিজস্ব
প্রতিবেদক।। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পর কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপি'র কমিটিতে আরও তিনটি পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (২০
ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদ ঘোষণা
করেন।
কমিটিতে অন্তর্ভুক্ত করা ওই তিন পদের মধ্যে সিনিয়র সহ সভাপতি
হলেন মোঃ আমিরুজ্জামান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুল হুদা ও
সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল হক ভূইয়া স্বপন। নতুন দায়িত্বপ্রাপ্তরা দলের
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর আগে
চলতি বছরের গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কাউন্সিল
অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি
ঘোষণা করা হয়। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার পর অন্যান্য
গুরুত্বপূর্ণ পদগুলোর ঘোষণা না থাকায় আলোচনা চলছিল। সর্বশেষ শনিবারে সিনিয়র
সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ ঘোষণা করায়
কাউন্সিলে নির্বাচিত নেতৃত্ব এখন আনুষ্ঠানিকভাবে আরও পরিপূর্ণতা পেল।
এই তিনটি পদ যুক্ত হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
