৩৮ প্রার্থীর লড়াই, ভোট দেবেন ১ হাজার ১২ জন----
বশিরুল ইসলাম ।।
কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে প্রার্থীরা তাঁদের প্রচার-প্রচারণা শেষ করেছেন। গতকাল শনিবার ছিল প্রচারণার শেষ দিন। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ফলে নির্বাচন ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তাঁদের মধ্য থেকে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ হাজার ১২ জন ভোটার।ভোটার ও প্রার্থীদের প্রত্যাশা, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব নির্বাচিত করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা নিউ মার্কেটের মেসার্স রেবতী স্টোরের মালিক দীপক চন্দ্র সাহা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। দিনভর প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। ভোটার ও প্রার্থীরা সবাই ব্যবসায়ী হওয়ায় নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যার আশঙ্কা করছেন না তিনি।
তিনি আরও বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ভোটারদের যথাসময়ে কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি সুন্দর নির্বাচন উপহার দিতে প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
