ইসমাইল নয়ন।।
আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ। হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকান-সবখানেই নির্বাচন ও সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শেষ করেছে উপজেলা বিএনপি।
তিন দিনের এই কার্যক্রমে উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৭টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। গত শনিবার ফরম বিতরণের শেষ দিন ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে সাহেবাবাদ, মালাপাড়া ও মাধবপুর ইউনিয়নে। এই তিন ইউনিয়নের প্রতিটিতে ছয়টি করে ফরম বিতরণ হয়েছে। এ ছাড়া সিদলাই ইউনিয়নে পাঁচজন, চান্দলা ইউনিয়নে পাঁচজন এবং শশীদল ইউনিয়নে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
অন্যদিকে সবচেয়ে কম ফরম সংগ্রহ হয়েছে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে। এ ইউনিয়নে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন এবং সহসভাপতি মহসিন কবির সরকার।
সব মিলিয়ে আটটি ইউনিয়নে ৩৭টি ফরম বিক্রির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী তৎপরতায় নতুন গতি এসেছে বলে মনে করছেন দলীয় কর্মী-সমর্থকেরা।
