নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, ৩ হাজার ৮শটি ইয়াবা ও মাদক বিক্রির ৭৪ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লা এসআরবি-১১ কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এসআরবি-১১ সিপিসি-২ এর একটি দল শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ৮শ'টি ইয়াবা ও মাদক বিক্রির ৭৪ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাগড়া গ্রামের সামছু মিয়ার ছেলে ইব্রাহীম শেখ (২২), তাঁর স্ত্রী শারমিন বেগম (২১) এবং লালমাই উপজেলার হতগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হানিফ (২০)।
এর আগে পৃথক অভিযানে এসআরবি-১১ সিপিসি-২-এর একটি দল একই উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি দেশীয় এলজি ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে।
কুমিল্লা এসআরবি-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এছাড়া উদ্ধার করা অস্ত্র ও গুলি ব্যবহার করে এক পলাতক আসামি সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। তিনি আরও জানান, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
