চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যদের হামলায় তাওকির হোসেন নামে এক স্কুল ছাত্র আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র একই গ্রামের সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকেলে স্কুল ছাত্রের মা তাসলিমা আক্তার বাদি হয়ে কিশোর গ্যাং সদস্য একই গ্রামের আরাফাত হোসেন, কফিল, শান্ত ও শাহেদসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আমানগন্ডা গ্রামের আরাফাত হোসেন, কফিল, শান্ত ও শাহেদসহ কয়েকজন এলাকায় চুরি ও ইভটিজিংসহ অসামাজিক কাজ করে আসছিল। একই গ্রামের সৌদিআরব প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র তাহসিন হোসেন গত বুধবার সকালে পরীক্ষার হল থেকে বের হয়ে কিশোর গ্যাংয়ের খারাপ কর্মকান্ডের বিরোধীতা করে। এতে ক্ষীপ্ত হয়ে কিশোর গ্যাং সদস্যরা বিদ্যালয়ের সামনে তাকে মারধর ও টানা হেঁছড়া করে জোরপূর্বক পার্শ্ববর্তী মহাসড়কের উপরে নিয়ে গাড়ীর নিচে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে সহপাঠিরা দৌঁড়ে গিয়ে তাদের কবল থেকে রক্ষা করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য লোকজনকে জানিয়ে বিচার চায় পরিবার। এতে ক্ষীপ্ত হয়ে তাহসিন হোসেন ও তাঁর ভাই চতুর্থ শ্রেণীর ছাত্র তাওকিরকে সুযোগ মতো পেলে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার(২৭ নভেম্বর) সকালে তাওকির তার সহপাঠিদের সাথে বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গেলে কিশোর গ্যাং সদস্যরা পরস্পর যোগ-সাজসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারাত্বক জখম করে। তাওকির প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে গেলে কিশোর গ্যাং সদস্য কফিল তাকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। তাঁর চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে গেলে কিশোর গ্যাং সদস্যরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাওকিরকে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেয়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদি হয়ে অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
