ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ তিনজন, তদন্তে প্রাপ্ত পলাতক আসামি দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিন ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মান্নান মাস্টারের বাড়িসংলগ্ন জসিম উদ্দিনের বসতঘরের ডাইনিং টেবিলের নিচ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জসিম উদ্দিন (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। অন্যদিকে, এএসআই মো. নুর আল আহসান ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের আরেকটি দল পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে সজীব (২৫), রিয়াদ হাসান (৩০) ও ইকবাল হোসেন (২৩) নামে তিনজনকে আটক করে। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. মনির হোসেন ভূঁইয়া (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা। একই রাতে এসআই মো. আল আমিনের নেতৃত্বে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি (অনন্তপুর) এলাকায় অভিযান চালিয়ে রাসেল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয় বোতল ম্যাকডওয়েলস নম্বর ওয়ান লাক্সারি হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। অপর একটি অভিযানে এসআই মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া এএসআই মো. নুর আল আহসানের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আটজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার, পলাতক আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
