শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন বিনিয়োগ পরিকল্পনা! 
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৮.১১.২০২৬ ১:৫২ এএম |

সম্ভাবনার দুয়ার কতদূর?
নতুন বিনিয়োগ পরিকল্পনা! নেছার আহমদ ।।
চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারী ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, পর্যটন, জাহাজ নির্মাণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। বিগত সরকারগুলো বাণিজ্যিক রাজধানী, শিল্পনগরী বা বন্দরনগরী–বিভিন্ন উপাধিতে চট্টগ্রামকে অলংকৃত করলেও চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের উন্নয়নের জন্য এবং চট্টগ্রামের শিল্পায়নের ক্ষেত্রে সর্বদা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমলাতান্ত্রিক লাল ফিতার মধ্যে আটকে থাকে চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা। চট্টগ্রামের উন্নয়ন এবং শিল্পোন্নয়নের প্রতিবন্ধকতা বিষয়টি নিয়ে কয়েক বছর ধরে আমি নিয়মিত লিখেই চলেছি। চট্টগ্রামের উন্নয়ন ও প্রতিবন্ধকতা নিয়ে যাদের অগ্রণী ভূমিকা পালন করার কথা অর্থাৎ চট্টগ্রাম চেম্বার, রাজনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন স্টেক হোল্ডার, তাদের নতজানু নীতির কারণে চট্টগ্রাম সর্বদা বঞ্চিতই থেকেছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের চট্টগ্রাম সফর এ বাস্তবতাকে নতুন করে আশার সঞ্চার করেছে। ২৭ অক্টোবর এ প্রতিনিধদল মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে। পরদিন চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, প্রস্তাবিত আনোয়ারা চায়না ইকোনমিক জোন এবং কোরিয়ান ইপিজেড পরিদর্শন করে। সফরকালে প্রতিনিধিদল শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং শিল্পায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে সরেজমিন অবহিত হয়েছে।
মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের ভবিষ্যৎ সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্পকারখানা স্থাপন, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, গ্যাস সরবরাহ এবং বন্দর সুবিধা ও ব্যবস্থাপনার যে উদ্যোগ চলমান, তা বাস্তবায়িত হলে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে পরিকল্পনার পাশাপাশি প্রয়োজন সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়ন। পরিদর্শনের সময় বিনিয়োগকারীদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়। বিশেষ করে বন্ড ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর অগ্রিম আয়কর আরোপ, নির্দিষ্ট ধরনের সুতার ওপর আমদানি শুল্ক এবং প্রস্তাবিত ইপিজেড কাস্টমস বিধিবিধান দ্রুত চূড়ান্ত করার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা যায়। এসব বিষয় আপাতত দৃষ্টিতে কারিগরি বা রাজস্ব-সংক্রান্ত মনে হলেও বাস্তবে এগুলোর সঙ্গে শিল্পের উৎপাদন ব্যয়, প্রতিযোগিতার সক্ষমতা, রপ্তানি আয় এবং শ্রমিকদের কর্মসংস্থান জড়িত। এখনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো বিনিয়োগকারীদের জন্য শুধু জমি বরাদ্দ কিংবা কারখানা স্থাপনের অনুমতি প্রদানই যথেষ্ট নয়, নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, পর্যান্ত পানি সুবিধা, কাস্টমস সুবিধা, সহজ শুল্কায়ন নীতি, দ্রুত পণ্য খালাস এবং কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বিনিয়োগবান্ধব পরিবেশের প্রকৃত মানদণ্ড হলো একটি শিল্পপ্রতিষ্ঠান কতটা সহজে, সাশ্রয়ী ব্যয়ে এবং নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারছে।
চট্টগ্রামের উন্নয়ন প্রত্যাশা অবশ্য ইপিজেড কিংবা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল বা চায়না ইকোনমিক জোন কিংবা কোরিয়ান ইপিজেড বা জাপান অর্থনৈতিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তার সঙ্গে নগরীর সড়ক যোগাযোগ, যানজট, পরিবহনব্যবস্থা, শিল্পাঞ্চলের সংযোগ সড়ক এবং নগর অবকাঠামোগত পরিকল্পনা ওতপ্রোতভাবে জড়িত। বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেলেও যদি পণ্য পরিবহনের দীর্ঘসূত্রতা থাকে তাহলে সামগ্রিক অর্থনীতির কাঙ্ক্ষিত সুফল পাওয়া খুবই কঠিন। বিশেষ করে নগরীর যানজট নিরসন, বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনের জন্য কার্যকর সড়ক ও রেল সংযোগ, কর্ণফুলী নদীর পরিবেশ রক্ষা, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিকল্পিত নগরায়ণকে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার অংশ করা খুবই জরুরি। চট্টগ্রামের উন্নয়নকে বিচ্ছিন্ন কিছু প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্দর, শিল্প, যোগাযোগ, আবাসন ও পরিবেশের সমম্বিত কাঠামোর বিবেচনা প্রয়োজন বলে বিশেষজ্ঞ মহল মনে করে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলের এ সফরের তাৎপর্য এখানেই যে, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একদল গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল কর্মকর্তা সরেজমিন শিল্পায়নের বাস্তব অবস্থা ও বিনিয়োগকারীদের সমস্যাগুলো দেখার সুযোগ পেয়েছেন। এখন প্রয়োজন সামগ্রিকভাবে চিহ্নিত সমস্যাগুলোকে একটি সময়বদ্ধ কর্মপরিকল্পনায় রূপান্তর করা।
কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে কোন মন্ত্রণালয় বা সংস্থা কাজ করবে, কত দিনের মধ্যে করবে এবং তার অগ্রগ্রতি কীভাবে মূল্যায়িত হবে এসব বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত থাকা প্রয়োজন।
চট্টগ্রামের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের প্রত্যাশা–প্রতিনিধিদলের এ সফর যেন কেবল আনুষ্ঠানিক পরিদর্শন বা সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং এর মধ্য দিয়ে চট্টগ্রামের দীর্ঘদিনের পুঞ্জীভূত উন্নয়ন সংকটগুলো জাতীয় নীতিনির্ধারণকারী আলোচনায় যথাযথ গুরুত্ব লাভের দাবি রাখে। বন্দর ও শিল্পায়নের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নগরীর নাগরিক সমস্যা সমাধানের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, বন্দরনগরী বা শিল্পনগরী হিসেবে আখ্যায়িত করলেই দায়িত্ব শেষ হয় না। সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন ও বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ জরুরি।
সরকারি উদ্যোগে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছাড়াও সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে কোরিয়ান ইপিজেড যা এ অঞ্চলে শিল্পায়নে নতুন যুগের সূচনা করেছে। ইতোমধ্যে সেখানে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু গ্যাস সংযোগের অভাবে এসব শিল্প পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারছে না। এতে নতুন বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এক দশকের অপেক্ষা এবং নানা প্রশাসনিক জটিলতা ও স্থবিরতা পেরিয়ে অবশেষে বাস্তব নির্মাণের পথে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রত্যাশিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)। প্রায় ৮০০ একর জমিতে প্রস্তাবিত এ শিল্পাঞ্চলের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়েছে। ৩০টিরও অধিক চায়না প্রতিষ্ঠানের বিনিয়োগের প্রতিশ্রুতি প্রকল্পটিকে নতুন মাত্রা দান করবে বলে আশাবাদী। সব প্রক্রিয়া শেষে আগামী দু-এক বছরের মধ্যেই এ জোনের শিল্পকারখানা উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। চায়নার সঙ্গে জিটুজি (সরকার টু সরকার) সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে বিশেষায়িত এ অর্থনৈতিক অঞ্চল, প্রায় ৮০০ একর জমির ওপর এর অবস্থান। কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারার বেলচূড়া এলাকায়, একদিকে কর্ণফুলী টানেল, অন্যদিকে চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটবর্তী হওয়ায় শিল্প ও লজিস্টিকসের দিক থেকে প্রকল্পটির অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের অতি সন্নিকটে গড়ে উঠেছে কোরিয়ান শিল্পাঞ্চল। সুতরাং এ দুটি বৃহৎ বিনিয়োগ চট্টগ্রামের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে বিশেষ ভূমিকা রাখবে। প্রকল্পটি ২০১৪ সালে গৃহিত হয় এবং ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের সময় আলোচনা হয়। সর্বশেষে অনেক বাধাবিপত্তি উতড়িয়ে বর্তমানে তা আলোর মুখ দেখছে; যা বিনিয়োগের ক্ষেত্রে এক অসামান্য সফল পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। স্বাক্ষরিত দলিলে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে জাপানের বিনিয়োগ পরিকল্পনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা পেয়েছে। চীন, ভারত ও জাপানের মধ্যকার ভূরাজনৈতিক সম্পর্কের সমীকরণ বিবেচনায় রেখে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জাতীয় স্বার্থ রক্ষা করা প্রয়োজন। সর্বোপরি বিনিয়োগ বাস্তবায়নের জন্য দেশকে ব্যবসার পরিবেশ ও উন্নত করতে হবে। নীতির ধারাবাহিকতা স্বচ্ছ ও দ্রুত অনুমোদন চুক্তির নিশ্চয়তা, নির্ভরযোগ্য জ্বালানি, উন্নত বন্দর পরিবহন এবং দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে অগ্রগতি প্রয়োজন। জমি ও অবকাঠামো প্রস্তুত থাকলে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থার নিশ্চয়তা পেলেই বিনিয়োগকারীদের প্রকল্প কাজ শুরু করা সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি আরও একটি গুরুত্ব অর্জন এসেছে দেশের জন্য, তা হলো স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল। ফলে ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি উত্তরণ করবে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে রপ্তানির নতুন নতুন বাজার তৈরি করতে হবে। বাড়াতে হবে ভ্যালু অ্যাডেড পণ্য, গত ২৯ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতে সংস্কার সাধনের জন্য বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কর্তৃক তিন বছর সময় বৃদ্ধি করা হয়।
সুতরাং দেশীয় ও আন্তর্জাতিক অবস্থা পর্যবেক্ষণ ও বিনিয়োগের পরিবেশের দিকে লক্ষ্য রেখে অর্থনৈতিক অবস্থান সুসংহত করার পরিকল্পনা, বিনিয়োগের পরিবেশ এবং শিল্পোদ্যোক্তাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এখন সময়ের দাবি।
লেখক: সিনিয়র সাংবাদিক














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২