শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বৃদ্ধি সংগত কারণেই জরুরি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৯ এএম |

এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বৃদ্ধি সংগত কারণেই জরুরিড. হোসেন জিল্লুর রহমান ।।
একটি দেশের অর্থনীতি পরিচালনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রধান চালিকাশক্তি হচ্ছে দেশটির রাজস্ব আহরণ। বস্তুত রাজস্ব আহরণ প্রক্রিয়া এবং রাজস্বের সার্বিক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের জোরালো সংস্কারের প্রয়োজন ছিল। শুধু কাগজের সংস্কার নয়, রাজস্ব দরকার অর্থনীতির প্রবৃদ্ধির জন্য। আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি জোরালো হয়, রাজস্ব বেশি আসবে। সরকারি ব্যয় নির্বাহ, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক খাতে অর্থের জোগান দিতে অভ্যন্তরীণ এ উৎসের কোনো বিকল্প নেই। কিন্তু সেখানেই আমাদের বড় ঘাটতি স্পষ্ট। আমরা জানি, সংকটটা কোথায়। এখানে দুটি বিবেচনা একই সঙ্গে নজরে রাখা জরুরি। একটি হচ্ছে রাজস্ব আহরণ বেগবান করা; আরেকটি সাশ্রয়ী ব্যয়। দ্বিতীয়টিও গুরুত্বপূর্ণ। কারণ ব্যয় দক্ষতা না বাড়লে রাজস্ব বৃদ্ধির বিষয়ও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ এই যে এত এত বেডের সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে উপজেলা হাসপাতালে। এটি অবকাঠামো ব্যয়। কিন্তু আমরা দেখছি সেবার নিশ্চয়তা তৈরি হচ্ছে না। এটি সাশ্রয়ী ব্যয় ধারণার পরিপন্থি হতে পারে ন্যায্যতা ও প্রয়োজনীয়তা সঠিকভাবে যাচাই করা না হলে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরালো করা দরকার। সরকার ঋণ নিচ্ছে। ঋণ নেওয়া সমস্যা না। কিন্তু ঋণ এমনভাবে নিতে হবে, যেন ওই ঋণ নেওয়ার মাধ্যমে প্রবৃদ্ধি হয়, যাতে ঋণ ফেরত দেওয়ার আরও বাড়তি জোগানগুলো আসে। আসলে আমাদের রাজস্ব খাত এক ধরনের লো রেভিনিউ ইক্যুইলিব্রিয়ামের মধ্যে আটকে গেছে। একদিকে পুরো রাজস্ব ব্যবস্থাপনার মধ্যে একটা হয়রানির বাস্তবতা আছে। উল্টোদিকে ছাড় দেওয়ার বিষয়ও দেখা যাচ্ছে। মুষ্টিমেয় মানুষ ছাড় পাচ্ছে, বাকি সবাই হয়রানির শিকার হচ্ছে। এর মধ্যে কিন্তু রাজস্ব বৃদ্ধির পুরো বিষয় আটকে গেছে। জ্বালানি খাতে আমাদের একটা ইনহেরিটেড সমস্যা আছে। আওয়ামী লীগ সরকার শর্ট টার্ম সমাধান হিসেবে কুইক রেন্টালকে গ্রহণ করলেও সেটাকে স্থায়ী করে ফেলেছিল। তার পর এলএনজি-নির্ভর করে ফেলেছে দেশকে। জ্বালানিসংকট বর্তমান সরকারের নিজেদের তৈরি নয়। জ্বালানি খাতে কী করতে হবে, তা অনেক যোগ্য পরামর্শক বলে দিয়েছেন। কিন্তু এখানে শুধু কাগুজে পরিকল্পনা দিয়ে হবে না। টেকসই সমাধানের কোনো বিকল্প এখানে নেই।
আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ নেওয়া বিষয়ে সমস্যা নেই, যদি এর সদ্ব্যবহার করা যায়। তারা ঋণ নিতে যেসব শর্ত দেয়, সেগুলো যদি আমাদের প্রয়োজনের সঙ্গে মিলে যায় তাহলে ভালো। যেমন আমাদের এই যে রাজস্ব আহরণ প্রক্রিয়ায় আরও আধুনিক আইন করা দরকার। এই শর্তটা আইএমএফের না। এটা তো জনগণের দাবি। আমাদের ব্যয়টা সাশ্রয়ী হওয়া দরকার।
এখানে মূল বিষয় হচ্ছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় সক্ষমতার পরিচয় দিতে হবে। এখানে কাগজে কথাবার্তা বলা এবং এক ধরনের আবেগী উচ্চমাত্রার কিছু লক্ষ্যমাত্রা ঠিক করলেই সমস্যার সমাধান নেই। ঘুরেফিরে পারফরম্যান্সের বিশ্বাসযোগ্য এভিডেন্স তৈরি করে দেখাতে হবে।
বিনিয়োগে স্থবিরতা আরেকটি করুণ বাস্তবতা। অন্তর্র্বতী সরকারের সময়ে আলোচনা হচ্ছিল, রাজনৈতিক সরকার এলে এ সংকট কেটে যাবে। বিনিয়োগকারীরা কিন্তু তখনো বলছিলেন, তারা একটা আস্থার পরিবেশ চান। আসলে আমাদের মূল সংকট কি অর্থের ঘাটতি, নাকি আস্থার? আসলে মূল ঘাটতি হচ্ছে আস্থার। এখানে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশীয় বিনিয়োগকারীদের যদি আস্থায় না আনতে পারি; বিদেশিরা আসবে না। এই আস্থা কীভাবে তৈরি হবে? নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা ও পারফরম্যান্সকে কতটুকু কার্যকরভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে? কথা ও কাজের ফাঁক দৃশ্যমানভাবে কতটুকু কমানো যাচ্ছে? চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনা গেছে? এগুলোই নির্ধারণ করবে–আস্থা ফিরছে কি না।
এলডিসি গ্র্যাজুয়েশনের তিন বছর সময়; এটা সংগত কারণেই চাওয়া হয়েছে। কিন্তু মূল বিষয়, এই সময়ের পর কিন্তু আর আমাদের প্রতি কোনো সহানুভূতি থাকবে না। আমাদের একটা প্রবণতা আছে; ঘাড়ের ওপর চাপ থাকলে ওটা সরানো গেলেই কেন চাপটা ছিল, ওটা ভুলে যাই। এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের সময়টায় সরকারের অনেক কিছু করণীয় আছে। প্রাইভেট সেক্টরেও অনেক কিছু করণীয়। প্রত্যেকে যদি নিজ নিজ ক্ষেত্রে নিজস্ব ভূমিকা না নেয় এবং তিন বছর চলে যায়, তাহলে আমাদের বিপদটা আরও বেশি হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিসংখ্যান। সঠিক ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান। কারণ অগ্রগতির বিষয়গুলো দেখাতে হবে। মানুষের মধ্যে বিবিএসের পরিসংখ্যান নিয়ে সংশয় আছে। করোনার সময় দেখা গেল, দারিদ্র্য কমে গেছে। আমরা পরে ইনডিপেন্ডেন্টলি দেখলাম যে আসলে বেড়েছে। এমনকি বিশ্বব্যাংকও বলেছে, পরিসংখ্যানটা ঠিক করা দরকার।
অর্থনীতির জন্য বেকারত্বও বড় সমস্যা এ সময়ে। প্রবৃদ্ধি যদি জোরদার না হয় তাহলে কিন্তু বেকারত্ব দূর হবে না। পিয়ন তো একটা চাকরি; কিন্তু এমএ পাস করার দরকার ছিল না। একদিকে এসব সার্টিফিকেট উপচে পড়ছে, আরেকদিকে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারছি না। আমাদের তো সে প্রোডাকটিভ এমপ্লয়মেন্ট বলতে যা বোঝায়, সেগুলো তৈরি করতে হবে। কিন্তু এখানে যেটা একেবারেই ভুল করে বোঝা উচিত নয়, বেকারত্বের সমাধান সরকার করবে না। কারণ সরকার তো কর্মসংস্থান তৈরি করতে পারে না। সরকারের কাজ হচ্ছে পরিবেশ তৈরি করা এবং সেখানে এই ব্যক্তি খাত এগিয়ে যাবে। যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি খাত মুখিয়ে আছে এই কর্মসংস্থান তৈরির জন্য; প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাদের দিকে নজর নেই। তাদের অর্থের প্রয়োজন মেটানোর কোনো কার্যকর সমাধান নেই এবং তাদের বিষয়টা নিয়ে ভাবিও না। অথচ আমি ওই প্রকল্প আসক্তি থেকে একটার পর একটা প্রকল্প দিয়ে ওই ব্যয়ের বোঝাটাই শুধু বাড়িয়ে যাচ্ছি।
আমাদের অর্থনীতি বর্তমানে এক গভীর কাঠামোগত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রয়োজন নীতিনির্ধারণী স্বচ্ছতা, পরিসংখ্যানের মারপ্যাঁচ দূর করে সঠিক তথ্যের ওপর নির্ভরতা এবং প্রকৃত উৎপাদনশীল খাতগুলোর সুরক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ। তারা যেন সঠিক সময়ে সঠিক অগ্রাধিকার নির্ধারণ এবং জনগণের মৌলিক আস্থার জায়গাটি পুনর্গঠন করতে পারে। বিশেষ করে এসএমই খাত ও প্রান্তিক উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে না পারলে কেবল প্রবৃদ্ধির হিসাব বা বড় বড় প্রকল্প দিয়ে অর্থনৈতিক মুক্তি মিলবে না। সরকারের প্রকৃত সক্ষমতা এখানেই নিহিত, এতে কোনো সন্দেহ নেই।
লেখক: অর্থনীতিবিদ; এক্সিকিউটিভ চেয়ারম্যান, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২