
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। সারাবিশ্বে অনুমানিক ৩৫০ থেকে ৪০০ কোটি ফুটবল ভক্ত-সমর্থক রয়েছে। সারাবিশ্বে ২০০-র বেশি দেশে প্রায় ২৫ কোটি মানুষ ফুটবল খেলে । যুগ যুগ ধরে ফুটবল বিভিন্ন প্রজন্মের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে, যার প্রতিটি পর্যায় গড়ে উঠেছে সেই সময়ের কিংবদন্তি খেলোয়াড়দের হাত ধরে, যারা নিজ নিজ যুগে আধিপত্য বিস্তার করেছিলেন। ১৯৫০-এর দশক থেকে ১৯৭০-এর দশক ছিল পেলের রাজত্ব । ব্রাজিলের এই ফুটবল জাদুকর রেকর্ড তিনটি ফিফা বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয় করেন এবং ক্যারিয়ারে ১,২০০টিরও বেশি গোল করে ফুটবলের শ্রেষ্ঠত্বের এক বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেন। ১৯৮০-এর দশক ফুটবল দুনিয়াকে মাতিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। এই প্রতিভাবান খেলোয়াড় ১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জেতান; তাঁর দক্ষতা, অদম্য মানসিকতা এবং ব্যক্তিগত চমক আজও অবিস্মরণীয়। ১৯৯০-এর দশকের শেষভাগ থেকে ২০০০-এর দশক ছিল ব্রাজিলিয়ান দুই ফুটবলারের রোনালদো নাজারিও ও রোনালদিনহোর দাপট। রোনালদো ("আর৯") তার প্রচণ্ড গতি ও নিখুঁত ফিনিশিং দিয়ে প্রতিপক্ষ রক্ষণভাগের ত্রাস হয়ে ওঠেন এবং দুটি বিশ্বকাপ (১৯৯৪ ও ২০০২) জয় করেন। অন্যদিকে, রোনালদিনহো তার আনন্দদায়ক খেলার শৈলী, ফুটবল কৌশল এবং জাদুকরী পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। ২০০৮ থেকে ২০২৬ সাল অবধি আধুনিক এই যুগটি মূলত আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো এর মধ্যকার অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতার জন্য পরিচিত। মেসি রেকর্ড আটবার ব্যালন ডি'অর জিতেছেন এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছেন; অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো গড়েছেন গোল করার অসংখ্য রেকর্ড এবং জিতেছেন পাঁচটি ব্যালন ডি'অর।
এই সময়গুলোতে বিশ্বের বিভিন্ন দেশের আরো কিছু প্রতিভাবান খেলোয়াড় তাদের খেলোয়াড়ি নৈপুণ্য দেখিয়ে বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন। ডাচ মাস্টার ইয়োহান ক্রুইফ, যিনি আয়াক্স ও বার্সেলোনার হয়ে "টোটাল ফুটবল"-এর মাধ্যমে ফুটবলে বিপ্লব ঘটিয়েছিলেন। জার্মানির কিংবদন্তি সুইপার ফ্রাঞ্জ বেকেনবাউয়ার ("ডের কাইজার"), যিনি খেলোয়াড় এবং ম্যানেজার—উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত জিনেদিন ইয়াজিদ জিদান খেলোয়াড়ি জীবনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন। তিনি তাঁর নান্দনিক শৈলী, খেলার দূরদৃষ্টি, পাসিং দক্ষতা এবং বলের ওপর নিয়ন্ত্রণের জন্য বিখ্যাত ছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি অনেক ব্যক্তিগত পুরস্কার অর্জন করেছেন; যার মধ্যে রয়েছে ১৯৯৮, ২০০০ ও ২০০৩ সালে ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার’ খেতাব লাভ এবং ১৯৯৮ সালে ‘ব্যালন ডি’অর’ জয়। ২০২৬ সালের জুলাই মাস থেকে তিনি ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মিশেল ফ্রঁসোয়া প্লাতিনি ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিনবার ব্যালন ডি'অর জয় করেন এবং ফিফার 'প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি' নির্বাচনে সপ্তম স্থান অর্জন করেন। তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ, ১৯৮৫ সালে তাঁকে 'নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার' উপাধিতে ভূষিত করা হয়।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই খুব অল্প সময়ের ব্যবধানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় বিশ্ব ফুটবলের দুই দশকের সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো জুটি ১২টি ব্যালন ডি'অর খেতাব জিতেছেন, তাঁদের ক্যারিয়ারে মোট গোলসংখ্যা ১,৬০০-এর বেশি, এবং তাঁরা বিশ্ব ও ইউরোপীয় ক্লাব ফুটবলের ২১ বছরব্যাপী এক স্বর্ণযুগের রূপকার ছিলেন। বাংলাদেশে এই দুই মহাতারকার জনপ্রিয়তা আকাশচুম্বী এবং তাদের অবসর দেশের কোটি ফুটবল ভক্তের মাঝে এক ধরনের শূন্যতা তৈরি করেছে - মনে হচ্ছে ফুটবল বিশ্ব কি যেন হারিয়ে ফেলছে ।
ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে, ২০২৬ সালের ৫ নভেম্বর পর্তুগাল জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। ২৩ বছরের খেলোয়াড়ি জীবন তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে রেকর্ডসংখ্যক ২৩৪টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন যেটি পুরুষ ফুটবলে সর্বকালের আন্তর্জাতিক রেকর্ড। রোনালদো ছিলেন টানা ছয়টি বিশ্বকাপে (২০২৬ আসরসহ) অংশগ্রহণকারী ও গোল করা প্রথম খেলোয়াড়। ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল সহ ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ও রেকর্ডধারী। তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৮৫টি গোল করেছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনালদোর আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন ডলার (যা প্রায় ১৫,০০০ কোটি টাকার বেশি)। তবে ব্লুমবার্গ ও বিভিন্ন আর্থিক সূচক অনুযায়ী তাঁর মোট সম্পদ ১.৪ বিলিয়ন ডলার পর্যন্ত ধরা হয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলার সুবাদে বার্ষিক বেতন ও চুক্তি থেকে তাঁর বিপুল পরিমাণ আয় হয়। নাইকিসহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী বিজ্ঞাপন ও চুক্তি, 'সি আর ৭' ব্র্যান্ডের হোটেল, পারফিউম, পোশাক এবং অন্যান্য ব্যবসায়িক সাম্রাজ্য থেকে তাঁর বিপুল পরিমাণ আয় হয়। রোনালদোর মা ক্যানসার থেকে ২০০৭ সালে সুস্থ হয়ে উঠলে তিনি কৃতজ্ঞতাসরুপ পর্তুগালের মাদেইরার সেই ক্যানসার সেন্টারে ১ লাখ ২০ হাজার পাউন্ড দান করেন, যা পরবর্তীতে উন্নত গবেষণা এবং সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও তিনি নিজস্ব উদ্যোগেও 'সি আর ৭' ফাউন্ডেশন পরিচালনা করেন, যার মাধ্যমে বিশ্বজুড়ে তরুণদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে কাজ করা হয়। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কখনোই বাংলাদেশ ভ্রমণ করার সুযোগ করে উঠতে পারেননি।
লিওনেল মেসি ৩৯ বছর বয়সে ৭ অক্টোবর, ২০২৬ তারিখে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে একটি বিদায়ী ম্যাচ খেলার পর আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত মেসি এমন এক সময়ে বিদায় নিচ্ছেন, যখন ২০২৬ সালের বিশ্বকাপে তিনি নিজের স্বাভাবিক মানদণ্ডকেও ছাড়িয়ে গিয়ে প্রমাণ করেছেন যে, ৪০ বছরের কাছাকাছি পৌঁছেও তিনি এখনো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারেন। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করার পেছনে তাঁর অসাধারণ স্কিল, ধারাবাহিকতা এবং অনন্য কিছু রেকর্ড ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে, তাঁর খেলার সামগ্রিক সৌন্দর্য ও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জাদুকরী ক্ষমতাই তাঁকে সবার থেকে আলাদা করেছে। তিনি কেবল গোলই করেন না, বরং সতীর্থদের জন্য দারুণ সব গোলের সুযোগ তৈরি করে দেন । তিনি ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দল-এর হয়ে রেকর্ড ১২৬টি গোল করেন এবং ২০৮টি ম্যাচে অংশগ্রহণ করেন। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার রেকর্ড তাঁর । লিওনেল মেসি ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি দুটি বিশ্বকাপে (২০১৪ ও ২০২২) সেরা খেলোয়াড় হিসেবে 'গোল্ডেন বল' জিতেছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার 'ম্যান অব দ্য ম্যাচ' হয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে ১১টি হ্যাটট্রিক করেছেন। ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি'অর জিতেছেন। রেকর্ড ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন। তিনি সাতবার (২০০৯–১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে) বিশ্বের সেরা পুরুষ ফুটবল খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২২ সালে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) হয়েছেন। এছাড়া ২০২৬ সালের ফিফা বিশ্বকাপেও তিনি আলো ছড়িয়েছেন। ফোর্বস-এর সর্বশেষ হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকার বেশি) । ইন্টার মায়ামি ক্লাব থেকে প্রাপ্ত মোটা অঙ্কের বেতন, বোনাস এবং দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের আয়, আডিডাসসহ বিভিন্ন বিশ্বখ্যাত ব্র্যান্ডের সাথে চুক্তি থেকে তাঁর ক্যারিয়ারে ৬০ কোটি ডলারের বেশি আয় এসেছে। হোটেল ব্যবসা, রিয়েল এস্টেট কোম্পানি এবং বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে তাঁর বিপুল বিনিয়োগ রয়েছে। লিওনেল মেসি ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করেছিলেন। এটি ছিল তাঁর ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক বাংলাদেশ সফর। আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া প্রীতি ম্যাচ আর্জেন্টিনা ৩-১ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে।
এই পৃথিবীতে কোনো কিছুই কারো জন্য অপেক্ষা করে না। ফুটবলের ইতিহাস কোনো ব্যক্তি বা দলের চেয়েও বড়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর অনেক আগে থেকেই ফুটবল খেলার অস্তিত্ব ছিল, এবং তাদের কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটলেও এই সুন্দর খেলাটি তার আপন গতিতে এগিয়ে চলবে। তাঁদের দুজনের সোনালি সময় ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও, খেলার মূল সৌন্দর্য নিহিত এর চিরন্তন ধারাবাহিকতায়। পেলে ও দিয়েগো ম্যারাডোনার বিদায়ের পর যেমন ফুটবল থেমে থাকেনি, তেমনি মেসি-রোনালদো পরবর্তী যুগেও কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড কিংবা লামিনে ইয়ামালের মতো তরুণ তারকারা নতুন রোমাঞ্চ তৈরি করবেন। নতুন প্রতিভার উত্থান ঘটবে, রেকর্ড ভাঙবে, আর স্টেডিয়ামগুলো আবারও কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে। তবে টানা দেড় দশকেরও বেশি সময় ধরে চলা এই দুই মহাতারকার দ্বৈরথ ফুটবল ইতিহাসে এক অনন্য মানদণ্ড হয়ে থাকবে, যা ভক্তদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ফুটবলের চিরন্তন সৌন্দর্য ও আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই অম্লান থাকবে।
তবুও, পৃথিবী যে তার আপন গতিতে চলে—এই সত্যটি মেনে নিলেও এটি অস্বীকার করার উপায় নেই যে, বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া এই খেলাটি পুরোপুরি অন্যরকম মনে হবে। বিগত দুই দশক ছিল অভূতপূর্ব উৎকর্ষের এক যুগ। তারা কেবল ফুটবলই খেলেননি, বরং মাঠের ভেতর মানুষের পক্ষে যা কিছু অর্জন করা সম্ভব, তার নতুন উপমা, উদাহরণ ও সংজ্ঞা তৈরি করেছেন। তারা একে অপরকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, যা হয়তো ভবিষ্যতে আর কখনোই দুজন খেলোয়াড়ের ক্ষেত্রে একসঙ্গে দেখা খুবই কঠিন হবে। পৃথিবী কারও জন্য এক মুহূর্তও থেমে থাকে না! তবে এমন বিশাল মাপের কিংবদন্তিরা যখন বিদায় নেন, তখন পৃথিবী যেন কৃতজ্ঞতায় মাথা নত করে এক মুহূর্তের জন্য।
মেসি ও রোনালদোর জন্য অনেক অনেক শুভকামনা ।
লেখকঃ গবেষক, কলাম লেখক, সমাজকর্মী এবং একজন সরকারি কর্মচারী।
