শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫২ এএম |

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মেয়েদের ট্রিপল জাম্পে এই কৃতিত্ব দেখান বাংলাদেশের অ্যাথলেট।
ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। একই সঙ্গে গড়েন নতুন জাতীয় রেকর্ড। মাত্র দুই সেন্টিমিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয়েছে তার।
স্বপ্নার সঙ্গে সোনার লড়াই হয়েছে ভারতের সাধনা রবির। নিজের শেষ তথা ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন ভারতীয় অ্যাথলেট। ফলে সামান্য ব্যবধানে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের স্বপ্নাকে।
প্রতিযোগিতায় শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়েছেন স্বপ্না। প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার লাফানোর পর তৃতীয় প্রচেষ্টায় অতিক্রম করেন ১২.৭৯ মিটার। চতুর্থ প্রচেষ্টায় তার দূরত্ব ছিল ১২.৮৯ মিটার। পঞ্চম প্রচেষ্টায় নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে ১৩.২২ মিটারে পৌঁছান তিনি। তবে দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হওয়ায় সেগুলো গণনায় আসেনি। এই ইভেন্টে ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি।
স্বপ্নার এই সাফল্য বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য বিশেষ অর্জন। আন্তর্জাতিক মঞ্চে শুধু পদকই জেতেননি, নিজের ইভেন্টে দেশের রেকর্ডও নতুন করে লিখেছেন তিনি। স্বর্ণপদক থেকে মাত্র দুই সেন্টিমিটার দূরে থাকলেও জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার এই রুপাজয় নিঃসন্দেহে দেশের অ্যাথলেটিকসে নতুন আশার বার্তা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২