
সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হ্যাকারদের অননুমোদিত প্রবেশে সংস্থাটির ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের একটি অংশ হাতিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফিফা জানিয়েছে, ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছে তারা।
ফিফার দাবি, তাদের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এই হামলা হয়নি।
বরং কর্মীদের পরিচয় ব্যবহার করে ও তাদের ছদ্মবেশ ধারণ করে গোপন তথ্যের নাগাল পেয়েছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে আর্থিক নথি ও অন্যান্য সংবেদনশীল তথ্যও থাকতে পারে।
‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার ১২ গিগাবাইটের বেশি গোপন তথ্য হাতিয়ে নিয়েছে তারা।
তবে এই পরিমাণ তথ্য চুরির বিষয়টি নিশ্চিত করেনি ফিফা। ঠিক কতটা তথ্য ফাঁস হয়েছে, তা-ও স্পষ্ট করেনি সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা নিশ্চিত করছে, তারা অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশ ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফিফা। বিশেষ করে ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছে সংস্থাটি। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি বয়ে আনতে পারে।’
প্রতিবেদন অনুযায়ী, ফিফার কাছে থাকা মোট তথ্যের ০.১ শতাংশেরও কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি। তবে বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প-সংশ্লিষ্ট কোনো তথ্য এই হামলায় হাতছাড়া হয়নি বলে নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপ-সংশ্লিষ্ট বিনিয়োগের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল প্রকল্পটির।
প্রকল্পটি ভেস্তে যাওয়ার পর থেকেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাপের মুখে রয়েছেন। আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে ইনফান্তিনোর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিলিপ দিয়ালো ও কোজো তাশিমার নাম আলোচনায় রয়েছে।
‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করেছিল উয়েফা। পরিকল্পনাটি-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে আদালতেরও দ্বারস্থ হয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। উয়েফার কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার প্রথম এই ধারণা দেন। পরে প্রায় এক বছর ধরে বিষয়টি নিয়ে ইনফান্তিনোর সঙ্গে আলোচনা হয়।
তবে ফিফার আইনজীবীরা পাল্টা অভিযোগ করেন, গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইনফান্তিনোর কর্তৃত্ব দুর্বল করার চেষ্টা করছে উয়েফা। বিচারক জ্যানেট ভার্গাস সেই যুক্তি নাকচ করে বলেন, নথি প্রকাশে দেরি হলে উয়েফা অযৌক্তিক ক্ষতির মুখে পড়বে। তার এই সিদ্ধান্ত উয়েফার পক্ষে চূড়ান্ত রায়ের পথ তৈরি করেছে।
সাইবার হামলার তদন্ত চলার মধ্যেই নথি প্রকাশ নিয়ে আইনি লড়াই ফিফা ও ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়াতে পারে।
