শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে শুরু ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৭.১১.২০২৬ ১:৫২ এএম |

রাজধানীর জাতীয় শুটিং কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ওপেন এয়ারগান টুর্নামেন্ট-২০২৬’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের (বিএসএসএফ) ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ‘আমরা আগামী তিন দিনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি। আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসের মতো বড় আসরে বাংলাদেশের শুটাররা যেন শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করতে পারেন, সেই স্বপ্ন দেখছি। মাননীয় প্রধানমন্ত্রীও চান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণের পাশাপাশি পদক জয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করুক।’
শুটারদের দীর্ঘমেয়াদি প্রস্তুতির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে জাতীয় পর্যায়ের প্রায় ১৫টি ইভেন্টকে অগ্রাধিকার দিয়ে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা শাণিত করে আন্তর্জাতিক মঞ্চে আরও ভালো ফল অর্জন করাই এ উদ্যোগের লক্ষ্য।’
সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান অংশগ্রহণকারী শুটার, কোচ ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক পরিবেশে এ টুর্নামেন্ট আয়োজনের ফলে জাতীয় ও উদীয়মান শুটাররা নিজেদের দক্ষতা যাচাই ও উন্নত করার সুযোগ পাবেন। পাশাপাশি এটি আগামী দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৪টি শুটিং ক্লাবের মোট ১৫০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন ২৮ জন টিম ম্যানেজার ও কোচ। ছয়টি ডিসিপ্লিনে মোট ২৪টি পদকের জন্য লড়বেন প্রতিযোগীরা।ডিসিপ্লিনগুলো হলো, ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ ও নারী), ১০ মিটার এয়ার পিস্তল (পুরুষ ও নারী), ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম। আগামী ২৯ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এ টুর্নামেন্টের। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২