
জাতীয় দলের ব্যস্ততা শেষে আবারও ঘরোয়া ফুটবল শুরু হয়েছে। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচের পর আজ থেকে শুরু হয়েছে লিগের ম্যাচ। দেশের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও মোহামেডানের শুরুটা ভালো হয়নি। দুই দলই নিজ নিজ ম্যাচে হেরে গেছে। বাংলাদেশ পুলিশ ৩-২ গোলে আবাহনীকে আর রহমতগঞ্জ ২-১ গোলে ঢাকা মোহামেডানকে হারিয়েছে।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনী-পুলিশ ম্যাচটি বেশ উপভোগ্যই ছিল। প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হয়েছে। ৪৭ মিনিটে পুলিশের হয়ে রাসুল বার গোলের সূচনা করেন। ১৬ মিনিট পর স্যাম পেনাল্টি থেকে পুলিশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
পুলিশ সহজ জয়ের পথে থাকলেও শেষ দশ মিনিটে নাটকীয় পরিবর্তন হয়। ৮৬ মিনিটে ইমতিয়াজের গোলে আবাহনী ম্যাচে ফেরে। আবাহনী যখন সমতা আনতে মরিয়া তখন ইনজুরি সময়ে পুলিশের শফিক কাগিমু গোল করলে স্কোরলাইন ৩-১ হয়। ম্যাচের শেষ দিকে আবাহনী পেনাল্টি পায়। এতে মাইকেল গোল করলে পরাজয়ের ব্যবধান ৩-২ হয়।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান লিড নিয়েও জিততে পারেনি। জাতীয় দলের কোচ থমাস ডুলি নাম্বার নাইন খুঁজছেন। মোহামেডানের শাহরিয়ার ইমনকে সাফ স্কোয়াডে ডাকেননি। পুনরায় লিগ শুরুর ম্যাচে শাহরিয়ার ইমনের গোলে রহমতগঞ্জের বিপক্ষে লিড পায় মোহামেডান। সেই গোল আর ধরে রাখতে পারেনি সাদা-কালো শিবির। দ্বিতীয়ার্ধে প্রিন্স ওউসুর জোড়া গোলে রহমতগঞ্জ জয় পায়।
দিনের আরেক ম্যাচে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। ১৪ মিনিটে আরামবাগের স্যামুয়েল গোল করেন। নয় মিনিট পর ওয়ান্ডারার্স সুমনের গোলে সমতা আনে। ৩০ মিনিটে আরামবাগের হয়ে স্যামুয়েল আবার গোল করেন। ৬৫ মিনিটে যুবরাজের গোলে ওয়ান্ডারার্স আবার সমতা আনে।
পয়েন্ট তালিকায় ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পুলিশ এফসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া আবাহনী আছে সাত নম্বরে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোহামেডান। রহমতগঞ্জের ছয় ম্যাচে নয় পয়েন্ট। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস ও ফর্টিজের ম্যাচ রয়েছে।
