
সবশেষ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। তবে সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল বাতিল করেন রেফারি। যা নিয়ে হয় তুমুল বিতর্ক।
এবার বামনদের বিশ্বকাপেও মিশরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচেও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানেই জিতে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এই ম্যাচকে ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। দুই গোলে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে দুই দলের হাতাহাতির ঘটনা এখন সবচেয়ে বেশি আলোচনায়।
ডোয়ার্ফ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মিশরকে হারানোর পর আর্জেন্টিনার এক খেলোয়াড় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের দিকে তেড়ে যান। জয় উদযাপনের পাশাপাশি প্রতিপক্ষের ওই খেলোয়াড়কে কিছু বলতেও শোনা যায়। প্রথমে পরিস্থিতি শান্ত হয়ে এলেও কয়েক সেকেন্ড পর এক মিশরীয় খেলোয়াড় ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। তার অতিরিক্ত প্রতিক্রিয়ায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ম্যাচে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিন আন্তুনেজ, কাত্রিয়েল ব্রাসেস্কো ও অধিনায়ক ফাকুন্দো রোহাস। তাদের নৈপুণ্যেই দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় পায় দলটি।
এর আগে মরক্কো ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও এমন হাতাহাতির ঘটনা ঘটে। তবে সেদিন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছিল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘুষি ও লাথি বিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপ করতে হয়েছিল।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে অপর সেমিফাইনালের জন্য লড়বে মরক্কো-মেক্সিকো এবং বলিভিয়া-কলম্বিয়া। শুক্রবার ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আর ফাইনাল মাঠে গড়াবে ২৯ নভেম্বর।
