কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলার বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ৬০ জনকে মুচলেকা গ্রহণপূর্বক পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে।
বিশেষ করে উঠতি বয়সের কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিকে এ অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীকে আইনের আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।”
তিনি আরও বলেন, “অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরীহ ও নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
কুমিল্লা জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
