দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা ও ঠিকাদার মো. সেলিম সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। আওয়ামী লীগের মিছিল, সভা ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে সেলিম সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত সেলিম সরকার দেবিদ্বার পৌরসভার উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকারের (মতিন মেম্বার) ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আতাপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকারবিরোধী বিভিন্ন ঝটিকা মিছিল আয়োজন, অর্থ জোগান এবং নানা নাশকতামূলক কর্মকাণ্ডে সেলিম সরকারের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
