ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত ২৩ নভেম্বর রাতে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির সোহেল (২৮)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ী) এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মোট পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি জিআর (রাষ্ট্র বনাম আসামি) সাজা পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় ছিল। এ ছাড়াও অন্য একটি ডাকাতি মামলায় তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
অপর একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন গ্রেপ্তারকৃত সোহেল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ও দুটি সাজা পরোয়ানা রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’
