ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নং দুলালপুর ইউনিয়নকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক কাজী মো. আব্দুল হান্নান সরকার। অসহায়, বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের পাশে থেকে জীবনের বাকি সময়টুকু সেবামূলক কাজে নিবেদিত রাখার অঙ্গীকার করে তিনি বলেন, সাধারণ মানুষের হয়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজী মো. আব্দুল হান্নান সরকার তাঁর ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, “দুলালপুর ইউনিয়নকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই। অসহায়, বঞ্চিত ও লাঞ্ছিত মানুষের পাশে থেকে বাকি জীবনটা সেবা করতে চাই। আমি চাই সাধারণ মানুষের হয়ে কাজ করতে। ইউনিয়নের যত সেবা আছে, কোনো ভোগান্তি ছাড়াই সাধারণ মানুষকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে চাই।”
দীর্ঘদিন ধরেই এলাকায় একনিষ্ঠ সমাজসেবক হিসেবে পরিচিত কাজী হান্নান সরকার। বিপদে-আপদে ও নানা সংকটে স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
দুলালপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মোনাফ বলেন, “কাজী মোহাম্মদ আব্দুল হান্নান একজন সহজ-সরল সাধারণ মানুষ। আমরা চাই, এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে; যাতে তাঁর হাত ধরে দুলালপুর ইউনিয়নের সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।”
অন্যদিকে, বালিনা গ্রামের এক নারী ভোটার তাঁর প্রত্যাশার কথা জানিয়ে বলেন, “আমরা কাজী মো: আব্দুল হান্নান সরকারের নাম শুনেছি। তিনি একজন ভালো মানুষ, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করেন। এবার যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহ তাঁকে বিজয়ী করব।”
মানুষের ভোগান্তি লাঘব, সেবার সহজলভ্যতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে প্রতিশ্রুতি কাজী হান্নান সরকার তুলে ধরেছেন, তা দুলালপুর, নাল্লা,গোপালনগর ও বালিনাসহ আশপাশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে-এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।
