বাবার কোলে থেকেই গুরুতর আহত শিশু, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ-----
তানভীর দিপু।।
নবজাতক ছেলেকে ওমর সাদিককে দেখতে দুই মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন বাবা শরিফুল। বাবা শরিফুল আর মা স্বর্নালী দুই জন মিলেই সোমবার সকালে ছেলেকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন নগরীর ভাটপাড়া এলাকায়। অটোরিকশায় করে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। অটোরিকশার চালক আকস্মিক ব্রেক কষলে বাবার কোলে থাকা শিশু ওমরের মাথা ধাক্কা লাগে সামনে থাকা রিকশার সাথে। সজোরে ধাক্কায় দেবে যায় আড়াই মাস বয়সী ওমরের মাথা।
ওমরের বাবা শরিফুল ইসলাম ও তার স্ত্রী স্বর্ণালী আক্তারের বাড়ি কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায়।
বাবার কোলে দেবে যাওয়ার মাথাসহ শিশু ওমরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আলোড়ন তৈরী হয় কুমিল্লায়। সড়কে অটোরিকশার অদক্ষ চালক ও অবাধ গতি নিয়ে আবারো সমালোচনা শুরু হয়।
গুরুতর আহত আড়াই মাস বয়সী শিশু ওমর সাদিককে (২ মাস ১৫ দিন) প্রথমে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক।
শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার ভাটপাড়া টিকাকেন্দ্র থেকে স্ত্রী স্বর্ণালী আক্তার ও শিশু সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ঝাউতলা এলাকায় মুন হাসপাতালের সামনে অটোরিকশার ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় তাদের সন্তান।
বাবা শরিফুল অভিযোগ করে বলেন, অটোরিকশা চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলো। আমি তাকে আস্তে চালাতে বার বার বলছিলাম। কিন্তু সে শুনে নি। ঝাউতলা মুনমুন হাসপাতালের সামনে আসলে মাঝপথে আকস্মিক ব্রেক করার ঘটনায় শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনআইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ঘটনার পর অটোরিকশাচালক আশরাফুল ইসলাম কে স্থানীয়রা আটকে পুলিশের কাছে সোপর্দ করে । আশরাফুল ইসলাম বাড়ি নীলফামারীর ডিমলার খালিশা গ্রামে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান বলেন, অটোরিকশাচালক কে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে । অভিযোগের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
এই ঘটনাটি ঘিরে কুমিল্লা নগরীর নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বেপরোয়া অটোরিকশা চালানো এবং চালকদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
