রণবীর ঘোষ কিংকর ।।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে কুমিল্লার সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের শাক-সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। কোনো কোনো সবজির দাম দ্বিগুণ হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। খুচরা বাজারের পাশাপাশি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি সবজির বাজার জেলার নিমসার কাঁচাবাজারেও দেখা দিয়েছে মূল্যবৃদ্ধির প্রবণতা। তবে বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহে যে পরিমাণ প্রভাব পড়ার কথা, বাস্তবে তার তুলনায় অনেক বেশি দামে সবজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
কুমিল্লা জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির আগে প্রতি কেজি পটল বিক্রি হতো ৪০ টাকায়, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। ১৬ টাকার আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়। প্রতি কেজি সীমের দাম ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। ৩০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। একইভাবে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুনসহ বিভিন্ন ধরনের শাক-সবজির দাম বেড়েছে। ফলে বাজারে এসে প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
জেলার নিমসার কাঁচাবাজার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি সবজির মোকাম। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন এখানে বিপুল পরিমাণ সবজি আসে। এই বাজারেও বৃষ্টির প্রভাব দেখিয়ে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
নিমসার কাঁচাবাজারে সবজি কিনতে আসা চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের বাসিন্দা হরিসংকর নাহা বলেন, “মাত্র ১০ দিন আগে যে সীম প্রতি কেজি ২০ টাকা দরে কিনেছি, এখন সেই সীম কিনতে হচ্ছে ৬০ টাকা দরে। আগে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে ফুলকপি কিনেছি, এখন তা কিনতে হচ্ছে ৪০ টাকা দরে। ৬০ কেজির এক বস্তা আলুর দামও ৭৫০ টাকা থেকে বেড়ে ৮৫০ টাকা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে এভাবে সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”
বাজারের এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হরিসংকর নাহার দাবি, “বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য রোপণ করা সবজির চারা ও বীজতলা। কিন্তু যেসব সবজি ইতিমধ্যে উৎপাদিত হয়ে বিক্রির উপযোগী হয়েছে, সেগুলোর তেমন ক্ষতি হয়নি। তারপরও পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের একটি অংশ বৃষ্টির অজুহাতে বাজারে কৃত্রিম সংকটের কথা বলে সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছে। প্রকৃত ক্ষতির সঙ্গে বাজারের দামের এই অস্বাভাবিক বৃদ্ধির কোনো সামঞ্জস্য নেই।”
পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। চান্দিনা বাজারের সবজি বিক্রেতা হেলাল বলেন, “বৃষ্টির আগে যে দামে সবজি কিনে বিক্রি করতাম, এখন সেই দামে নিমসার বাজার থেকেই কিনতে হচ্ছে। আগে প্রতি কেজি সীম ৪০ টাকা দরে বিক্রি করেছি, এখন পাইকারি বাজার থেকেই কিনতে হচ্ছে ৬০ টাকা দরে। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে বিক্রি করতে গেলে ক্রেতাদের কাছে দাম বেশি মনে হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুনসহ প্রায় সব ধরনের সবজির ক্ষেত্রেই একই পরিস্থিতি। পাইকারি বাজারে দাম না কমলে আমাদের পক্ষেও কম দামে সবজি বিক্রি করা সম্ভব নয়।”
অন্যদিকে, নিমসার কাঁচাবাজারের আড়তদার আবুল হোসেনের দাবি, উত্তরবঙ্গ থেকে সবজি সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। তিনি বলেন, “আমাদের নিমসার বাজারে উত্তরবঙ্গের সবজির সরবরাহ ও প্রভাব বেশি। সাম্প্রতিক বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব সরাসরি সরবরাহ ব্যবস্থায় পড়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়েও কৃষকেরা বৃষ্টির কারণে উৎপাদন ও ক্ষতির কথা বিবেচনা করে সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে পাইকারি বাজারে প্রায় সব ধরনের শাক-সবজির দাম আগের তুলনায় বেশি।”
তবে বৃষ্টিতে সবজির ক্ষয়ক্ষতি এবং বাজারে মূল্যবৃদ্ধির বিষয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছে কৃষি বিভাগ। কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, “টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা শাক-সবজির কিছু জমি আক্রান্ত হয়েছে। বিশেষ করে নতুন চারা ও বীজতলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যেসব সবজি ইতিমধ্যে কর্তনযোগ্য হয়েছে, সেগুলোর উল্লেখযোগ্য ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সে বিবেচনায় বাজারে সব ধরনের শাক-সবজির দাম এভাবে বেড়ে যাওয়ার বিষয়টি অযৌক্তিক বলে মনে হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাজারে সবজির দাম বৃদ্ধির প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন। উৎপাদন, সরবরাহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ হচ্ছে কি না, তা যাচাই করতে বাজার মনিটরিং জোরদার করা জরুরি।”
এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শাক-সবজির দামও অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার খরচে বাড়তি চাপ তৈরি হয়েছে। ক্রেতাদের দাবি, বৃষ্টির অজুহাতে যেন ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে না পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাজার মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
