চলতি বছরের এইচএসসি বা সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বর্ধিত এ সময় সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন।
এর আগে আবেদনের জন্য ৫ থেকে ৯ নভেম্বর সময় দেওয়া হয়েছিল; ফি পরিশোধের শেষ সময় ছিল ১০ তারিখ।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।
শুধু এক বিষয়ে অকৃতকার্য হন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন। দুই বিষয়ে অকৃতকার্য হন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সবমিলিয়ে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের সম্পূরক পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।
প্রথম দফায় আবেদন করেননি প্রায় ৫৭ হাজার পরীক্ষার্থী:
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ পরীক্ষার্থীর সম্পূরক পরীক্ষায় বসায় সুযোগ থাকলেও প্রথম দফায় আবেদন করেননি ৫৬ হাজার ৯৯৪ জন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান রোববার বিকালে একথা জানিয়েছেন।
সম্পূরক পরীক্ষায় বসার সুযোগ থাকার পরও অনেক শিক্ষার্থীর আবেদন না করার পেছনে ‘আর্থিক সংকট’ ও ‘আত্মবিশ্বাসের ঘাটতি’ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আব্দুস সালাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের অনাগ্রহের পেছনে নির্দিষ্ট একটি কারণ দর্শানো কঠিন। একটি কারণ হতে পারে অভিভাবকদের আর্থিক সংকট। একই পরীক্ষায় আবার আবেদন ফি দেওয়া তাদের জন্য কিছুটা কষ্টকর।”
আবেদন না করার জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বা অনুপ্রেরণার ঘাটতি রয়েছে বলেও মনে করেন তিনি।
“যেহেতু পরীক্ষায় ফেল করেছে, সুতরাং একজন শিক্ষার্থীর মোটিভেশন নষ্ট হয়ে যায়। এরপর আবার দুই মাস পড়াশোনা করে পরীক্ষা দেওয়া, তাদের মনে হয়ত সন্দেহ কাজ করে এই অল্প সময়ে পড়াশোনা কাভার করতে পারবে কি না? সেটা এক ধরনের তাদের নেতিবাচক মোটিভেশনের কারণও হতে পারে।”
আরেকটি কারণ তুলে ধরে তিনি বলেন, “পরীক্ষা শেষ হবার পর অনেক শিক্ষার্থী কর্মজগতের দিকে ঝুঁকে পড়েন, বিশেষভাবে যাদের আর্থিক সংকট থাকে। অনেক সময় তাদের অভিভাবকরাও প্রত্যাশা করে, যাতে সন্তানরা এই বয়সে এসে তাদের আর্থিকভাবে কিছুটা সহায়তা করে।
“আর্থিক কর্মকাণ্ডের দিকে চলে যাওয়ার কারণে মূলত একটা বড় অংশ ঝরে পড়ার সম্ভাবনা থাকে।”
এর সঙ্গে সচেতনতার অভাবও রয়েছে বলে মনে করেন অধ্যাপক আব্দুস সালাম।
পরীক্ষা ১-১৫ ডিসেম্বর:
উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র এবং পরদিন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর শেষ দিন অর্থনীতি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং আরবি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের মাধ্যমে পুনঃপরীক্ষা শেষ হবে।
প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে হবে। প্রথম শিফটে হবে সংশ্লিষ্ট বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা, চলবে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় শিফটে হবে দ্বিতীয়পত্রের পরীক্ষা, চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
আর ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে; কেবল অকৃতকার্য কিংবা অনুপস্থিত পরীক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীকে নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের অবশ্যই তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে।
পরীক্ষার্থীদের অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
