প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহম্মেদ। এ লক্ষ্যে নিজ জন্মস্থান উন্দানিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। সভায় উপস্থিত গ্রামবাসী তাঁকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উন্দানিয়া গ্রামে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ফিরোজ আহম্মেদের চেয়ারম্যান পদে প্রার্থিতা, এলাকার উন্নয়ন এবং সম্ভাব্য নির্বাচনী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়।
মাস্টার বশির আহমেদ মজুমদারের সভাপতিত্বে এবং মাস্টার আবাদ ও মাস্টার জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফিরোজ আহম্মেদের পিতা হাজী আবদুস সাত্তার, গৈয়ারভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হক, আবদুর রাজ্জাক, আবদুল খালেক, রফিকুল ইসলাম মেম্বার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, নুরুল হক, মুন্সি আবদুল করিম, মাস্টার আবদুস সাত্তার, ইউনুস মোল্লা, তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ, হোনা মিয়া ও ইব্রাহিম খলিল মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সমাপনী বক্তব্যে ফিরোজ আহম্মেদ বলেন, অনেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে তিনি সবার আগে নিজের গ্রামের মানুষের মতামত ও পরামর্শ নিতে চেয়েছেন। গ্রামবাসীর পরামর্শ, দোয়া ও সম্মতিতে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন।
তিনি আরও বলেন, “আমার সঙ্গে আরও ১০ জন প্রার্থী হতে পারেন। তাঁরা সবাই ত্যাগী এবং প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার রয়েছে। আপনারা আমার পাশে থাকলে নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকব, ইনশাআল্লাহ।”
চেয়ারম্যান নির্বাচিত হলে বিনামূল্যে নাগরিক সেবা নিশ্চিত করা, সাধারণ মানুষের পাশে থাকা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গ্রামবাসীর প্রত্যাশা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সবার ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষারও প্রতিশ্রুতি দেন।
এ সময় ফিরোজ আহম্মেদ জানান, শিগগিরই নিজ গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
