বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে নীলাভ্র আলাপ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

কুমিল্লা প্রতিনিধি।। 
কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় - বিষয়ে কুমিল্লায় একটি সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নিলাভ্র ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার বিকালে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে নীলাভ্র সংলাপ নামের অনুষ্ঠানে কিশোর বয়সীদের মানসিক স্বাস্থ্য ও পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হয়।  আলাপে অংশ নেন অভিভাবক, চিকিৎসক,  শিক্ষক,  সংবাদকর্মী, সমাজকর্মীগণ।
আলাপে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিশোর বয়সের সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর বয়সীদের মানসিক সংকট কাটিয়ে তুলতে পরিবারকেও তার সন্তানের পরিচর্যা ও লালনপালনে যথেষ্ট জ্ঞান ও সচেতনতা রাখতে হবে। পারিবারিক শিক্ষার পাশাপাশি, সুস্থ পরিবার গঠনেও শিশু কিশোরের পরিচর্যা বিষয়েও অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। বর্তমান সমাজের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকেও এই সংকট উত্তরণে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। মোবাইল ও ইন্টারনেটের নেতিবাচক ব্যবহারের চেয়ে ইতিবাচক ব্যবহারের প্রতি সচেতন হওয়া এবং সন্তানেরা যেন ডিভাইস আসক্তিতে না ভুগে সেজন্য অভিভাবকদেরও আরো বেশি সচেতন থাকার প্রয়োজন। 
বিশিষ্ট নজরুল গবেষক ও নীলাভ্র ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্যানেল সদস্য ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মো: মেহেদী হাসান রাজিব, কথাসাহিত্যিক ও শিক্ষক মেহেদী ধ্রুব,  সংবাদকর্মী তানভীর দিপু। 
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মো: মেহেদী হাসান রাজিব বলেন, কিশোর বয়সের মানসিক স্বাস্থ্য পরিচর্যায় পরিবারের অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে।  মানুষের এই বয়সটিতে যে সংকট থাকে সেটিকে কাটিয়ে তার ভেতরে সম্ভাবনার বীজ রোপন করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে পরিবার। তাই পরিবারকেও জানতে হবে তার সন্তানকে কিভাবে পরিচর্যা করবে। এজন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সমস্যা ও প্রতিষ্ঠান কাজ করে থাকে। চাইলে সে সব জায়গা থেকে পরামর্শ নেয়া যায়। 
কথাসাহিত্যিক ও শিক্ষক মেহেদী ধ্রুব বলেন, কিশোর বয়সীদের বেশি বেশি বই পাঠে উৎসাহিত করা উচিত।  মোবাইল ব্যবহার করলেও সেটিকে ইতিবাচক ব্যবহারের দিকে সবাইকে সচেতন হতে হবে।  এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি কর্মকাণ্ডে শিশু ও কিশোরদের অংশগ্রহণ বাড়ানো গেলে তাদের মানসিক স্বাস্থ্যও সুস্থ থাকবে। 
সংবাদ কর্মী তানভীর দিপু বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া কিশোর কিশোরী অপ্রতিম ও তানজিম হত্যাকান্ডের মধ্যদিয়ে এই বয়সীরা কি ধরনের সংকটের মধ্যে রয়েছে তা বোঝা যায়।  এসব ঘটনাকে দৃষ্টান্ত রেখে পরিবার, সমাজ তথা রাষ্ট্র শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিতভাবে এগিয়ে আসতে পারেন। 
নীলাভ্র সংলাপে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু,  লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক শমীর মজুমদার, বিশিষ্ট বাদ্যযন্ত্র শিল্পী অভিজিৎ সিনহা মিঠু, বাচিক শিল্পী রুবেল কুদ্দুস।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২