এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৫০০টি ল্যাপটপ বিতরণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের এসব ল্যাপটপ তুলে দেবেন। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহন সংকট দূর করতে ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি প্রতিনিয়ত শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখছেন। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০০টি বাস দেওয়ার উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৫০০টি ল্যাপটপ নিজ হাতে বিতরণ করবেন।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে। এ লক্ষ্যে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তি কিংবা এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।
এদিকে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে নতুন উদ্যোগের কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে। ভবিষ্যতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল কমাতে পরীক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
