শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
তরুণদের জন্য তারুণ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪২ এএম |

তরুণদের জন্য তারুণ্য বোঝা হয়ে দাঁড়িয়েছেসিরাজুল ইসলাম চৌধুরী ।।
আমরা জানি যে, গণতন্ত্রের মূল শর্তটি হলো নাগরিকদের অধিকার ও সুযোগের সাম্য, যে সাম্য সম্পদের সমাজতান্ত্রিক মালিকানাব্যবস্থা ভিন্ন প্রতিষ্ঠা করা অসম্ভব। সমাজতান্ত্রিক বিশ্বের পতনে উল্লসিত হয়েছিলেন যে উদারপন্থিরা (রক্ষণশীলরা ও প্রতিক্রিয়াশীলদের উল্লেখ না হয় না-ই করলাম) তারা এখন টের পাচ্ছেন পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের আধিপত্যাধীন বিশ্ব কোন দিকে যাচ্ছে। ফিলিস্তিনের গণহত্যা তো একটি দৃষ্টান্ত মাত্র। রাশিয়া এক সময়ে সংস্কৃতির উন্নত চর্চার জন্য জগৎবিখ্যাত ছিল।
সমাজতান্ত্রিক বিপ্লবের পরে সে দেশে সংস্কৃতির চর্চা যে কেবল আরও উচ্চস্তরে পৌঁছে গিয়েছিল তা-ই নয়, সংস্কৃতিচর্চার ফসল ও সুযোগ দেশের সব মানুষের জন্য অবারিত হয়ে গিয়েছিল। সেই রুশদেশের রাজধানী মস্কোয় কয়েকদিন আগে একটি কনসার্ট হলে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র হাতে ঢুকে পড়েছে এবং এক নিঃশ্বাসে ৪০ জনকে নিহত ও বহুজনকে আহত করে পালিয়ে গেছে; তারা প্রমাণ করে দিতে বাকি রাখেনি যে, পুঁজিবাদের কাছে আত্মসমর্পণের দরুন ওই দেশ এখন কতটা ‘উন্নত’ হয়েছে। আর চীন যে রাশিয়ার পথেই হাঁটছে তারও বহু প্রমাণ ইতোমধ্যেই রীতিমতো ফুলেফেঁপে উঠেছে। গত ২৯ মে-র খবর, চীনের এক বিদ্যালয়ে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে, আহত ১০ জন।
এমন সন্ত্রাসের খবর মাও সে তুং-এর চীনে ছিল অকল্পনীয়। চীন এখনো যে শক্তিশালী তার কারণ একদা সে দেশে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটেছিল যা নতুন এক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা ঘটিয়েছিল। ওদিকে রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করে সারা বিশ্বকে বিপন্ন করে ফেলেছে, সেটাও পুঁজিবাদী উন্নয়নের প্রতিফল বৈকি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে লড়ছে সেটা তার নিজের শক্তির ওপর ভর করে নয়; তার মূল ভর-ভরসা পুঁজিবাদী বিশ্বের অস্ত্র ও অর্থ সাহায্যের ওপরই।
আর এই খবরটিও নিশ্চয়ই তাৎপর্যবিহীন নয় যে, ইউক্রেনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার জন্য একটি ষড়যন্ত্র পাক দিয়ে উঠেছিল, যার কারণে সামরিক বাহিনীর দুজন কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে। এর অর্থ নিশ্চয়ই এটা যে, জাতীয়তাবাদী প্রতিরোধের ভেতরে ফাটল ধরেছে, এবং সেখানেও পুঁজিবাদী ধরনের ‘বিশ্বাসঘাতকতা’র অনুপ্রবেশ ঘটেছে। অর্থাৎ পুঁজিবাদ যেমন আক্রমণকারী রাশিয়াকে ঘাড়ে ধরে ঠেলছে, তেমনি আক্রান্ত ইউক্রেনকেও ছাড় দিচ্ছে না। উভয়েই তার হাতের মুঠোয়।
বিশ্বের বহু জায়গায় প্রতিবাদী তরুণরা যখন বিক্ষোভ করছে, বাংলাদেশের তরুণরা তখন নীরব কেন? প্রধান কারণ রাষ্ট্র চায় না তরুণরা রাস্তায় নামুক। এখন যারা রাষ্ট্র শাসন করছেন, এক সময়ে তরুণের বিদ্রোহ-বিক্ষোভ তারা খুব চাইতেন; তারা নিজেরাও এবং তাদের পূর্বসূরিরাও রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহে, কিংবা অভ্যুত্থান ঘটলে তাতে অংশ নিয়েছেন, নেতৃত্বও দিয়েছেন; কারণ রাষ্ট্রের শাসকরা তখন ছিলেন বিদেশি। একাত্তরে দেশ যখন স্বাধীন হলো স্বাভাবিকভাবেই দৃশ্যপট তখন বদলে গেল।
এতদিন যারা ‘রাষ্ট্রদ্রোহী’ ছিলেন, রাষ্ট্রের হাতে নির্যাতিত হয়েছেন, এবার তারা নিজেরাই রাষ্ট্র শাসনের ক্ষমতা পেয়ে গেলেন। তরুণরা যদি তাদের বিদ্রোহ এখন চালু রাখে তাহলে সেটা তো যাবে রাষ্ট্রের নতুন শাসকদের বিরুদ্ধেই; তেমনটা তারা চাইবেন কেন? চাইলেন না। তরুণদের দমন করার পরীক্ষিত পন্থা দুটি–একটি হলো লোভ দেখানো, অপরটি ভয় পাইয়ে দেওয়া। পূর্ববর্তী শাসকদের মতোই পরবর্তী শাসকরাও দুটো পন্থাই গ্রহণ করলেন–এবং তরুণদের বিদ্রোহ দমনে ভালো রকমের সাফল্য পেলেন।
পূর্ববঙ্গে পাকিস্তানবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদীরা যেমন ছিলেন তেমনি সমাজতন্ত্রীরাও ছিলেন। বস্তুত সমাজতন্ত্রীরাই ছিলেন মূল চালিকাশক্তি। কিন্তু বিভিন্ন ঐতিহাসিক ও বস্তুগত কারণে নেতৃত্ব চলে গিয়েছিল জাতীয়তাবাদীদের দখলে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়েও নেতৃত্ব জাতীয়তাবাদীদের হাতে ছিল; এবং স্বাধীনতার পরেও ক্ষমতা জাতীয়তাবাদীরাই পেলেন। জাতীয়তাবাদীরা উৎফুল্ল হলেন, সমাজতন্ত্রীরা গেলেন পিছু হটে। পিছু হটার একাধিক কারণ ছিল। প্রথম কারণ তারা ইতিপূর্বেই রুশপন্থি এবং চীনপন্থিতে বিভক্ত হয়ে গেছেন। স্বাধীনতার পরে দেখা গেল রুশপন্থিরা জাতীয়তাবাদীদের সঙ্গে ঐক্যজোট গঠনে অস্থির হয়ে পড়েছেন।
এরপরে সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটল, তখন রুশপন্থিদের একাংশ, যারা আগেই সংশোধনবাদের পথ ধরেছিলেন, তারা হতাশ হয়ে কর্মোদ্যম হারিয়ে ফেললেন। তাদের একটি অংশ তো বিলোপবাদীই হয়ে গেলেন। আর যারা সমাজতন্ত্রের পক্ষে লড়বেন ভেবে কোনোমতে টিকে রইলেন, পরে তারাও বিভক্ত হয়ে পড়েছেন। অপরদিকে চীনপন্থিরা শুরু থেকেই ছিলেন বিভক্ত; কারও কারও মধ্যে দেখা দিয়েছিল বিভ্রান্তি। এই ফাঁকে জাতীয়তাবাদীদের একটি অংশ বের হয়ে এল, বিরোধী দলের সাজসজ্জা গ্রহণ করে। ক্ষমতাসীনদের সঙ্গে অধিকতর ঘনিষ্ঠ হওয়ার প্রত্যাশা চরিতার্থকরণে ব্যর্থ হয়ে তারা স্বতন্ত্র দল খাড়া করার উদ্যোগ নিলেন। এবং জোরগলায় আওয়াজ তুললেন শ্রেণি-সংগ্রামের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার। সামাজিক বিপ্লবপন্থি তরুণরা ওই আওয়াজটার জন্যই অপেক্ষা করছিল। বিপুল সংখ্যায় তারা সাড়া দিল; নির্যাতিত হতে থাকল, আটক হলো বহুসংখ্যক, প্রাণ হারালো অনেকে। তরুণদের পক্ষে সমাজ-পরিবর্তনের সরকারবিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ল।
তার পরও কিন্তু দেখা গেছে সামরিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তাতে সমাজতান্ত্রিক চেতনাসম্পন্ন তরুণরাই প্রধান ভূমিকা রেখেছে। এরশাদবিরোধী অভ্যুত্থানে মেহনতি মানুষের অংশগ্রহণ কম ছিল না, কিন্তু চালিকাশক্তি ছিল ছাত্ররাই।
এটা খুবই কৌতূহলোদ্দীপক, তবে বাস্তবিক ঘটনা যে, এরশাদের স্বৈরশাসনের পতনের পরে যে ‘গণতান্ত্রিক’ বুর্জোয়ারা রাষ্ট্রক্ষমতায় এলেন তারা দুভাগে বিভক্ত হয়ে একে অপরের সঙ্গে প্রবল ‘শত্রুতা’ শুরু করলেও এক ব্যাপারে ঐকমত্য ছিলেন; সেটা হলো তরুণদের সমাজ-পরিবর্তনকামী আকাঙ্ক্ষা ও উদ্যোগকে দমন করা। যার প্রমাণ খুঁজতে বেশি দূর যাওয়ার প্রয়োজন পড়ে না, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন নিষিদ্ধকরণের ঘটনার দিকে তাকানোটাই যথেষ্ট।
এক দলকে হটিয়ে আরেক দল ক্ষমতায় বসেছে, কিন্তু ছাত্রদের আন্দোলন নিরুৎসাহিতই হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে নির্বাচন নিষিদ্ধই রয়ে গেছে। বুর্জোয়ারা তারুণ্যকে বড়ই ভয় করে, কারণ তারুণ্যের ভেতর তারা সর্বদাই বিদ্রোহের লক্ষণ দেখতে পায়। আমেরিকায় রাষ্ট্রপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে যে আচরণ করছে, সেই একই আচরণ বাংলাদেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষার্থীরা পেয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা পার্থক্য অবশ্য রয়েছে; সেটা হলো ক্ষমতায় যারা থাকে তাদের দিক থেকে নিজেদের পক্ষের ছাত্র সংগঠনকে উৎসাহ দান, এবং সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার-সমর্থক ছাত্র সংগঠনের একাধিপত্য বজায় রাখার সর্বাত্মক চেষ্টা। শিক্ষার্থীদের মধ্যে এখন যে রাজনীতিবিমুখতা দেখা দিয়েছে সেটা আসলে ছাত্র আন্দোলন বা ছাত্ররাজনীতির বিরুদ্ধে নয়, সরকার-সমর্থক ছাত্রসংগঠনের একাধিপত্য ও বিরুদ্ধবাদীদের ওপর নিপীড়নের বিরুদ্ধেই।
তরুণরা তাহলে তাদের তারুণ্য নিয়ে কী করবে? কোথায় যাবে? বাংলাদেশে তরুণদের জন্য তারুণ্য এখন দুঃসহ এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সমাজবিজ্ঞানীরা বলে থাকেন যে, নিয়ম এটাই যে, তরুণরা থাকবে সুখে, প্রবীণরা হবে ভারাক্রান্ত। বাংলাদেশে প্রবীণরা যে নির্ভার রয়েছেন এমন দাবি কেউই করবেন না, তবে তরুণরা যে সুখে নেই এটাও সমপরিমাণে সত্য। আর তরুণদের পক্ষে যেহেতু অত্যন্ত স্বাভাবিক হচ্ছে আশাবাদী হওয়া, চঞ্চল ও ব্যস্ত থাকা নানা সৃষ্টিশীল কাজে, প্রতিবাদী হওয়া অন্যায়ের বিরুদ্ধে, তাই তাদের বিষণ্নতাটা কেবল যে মর্মস্পর্শী তাই নয়, অত্যন্ত হতাশাব্যঞ্জকও বৈকি।
ধরা যাক এই খবরটা। ‘উঠতি বয়সী তরুণে ভরা কিশোরগঞ্জ কারাগার; মাদকের ছোবলে ১৪০০ থেকে ১৫০০ মাদক মামলার আসামি।’ এই যে হাজার দেড়েক তরুণ আটক অবস্থায় রয়েছে একটি জেলা কারাগারে, এটা তো ব্যতিক্রম নয়; সব জেলা কারাগারেই এরকম তরুণ আসামিদের দেখা পাওয়া যাবে। অথচ এই তরুণদের তো এখানে থাকার কথা নয়। তারা হয় কর্মক্ষেত্রে কর্মনিযুক্ত থাকবে, নয়তো ব্যস্ত রইবে পড়াশোনায়, এটাই প্রত্যাশিত এবং স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকই এখন স্বাভাবিক হয়ে গেছে, বাংলাদেশে।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২