ড. সারিয়া সুলতানা ।।
বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে চলছে দেশের অর্থনীতি। বৈশ্বিক সংকটের পাশাপাশি অভ্যন্তরীণ সংকটেও অর্থনীতিতে স্বস্তি মিলছে না। বিভিন্ন সংস্থার বিশেষ করে আইএমএফ, বিশ্বব্যাংক, পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন ও জরিপে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার চিত্র উঠে এসেছে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও প্রবাসী আয়ে কিছুটা স্বস্তি ফিরলেও নতুন বিনিয়োগে স্থবিরতা, রপ্তানি আয় হ্রাস এবং লাগাতার মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা সংকটে। গ্যাস ও বিদ্যুতের চলমান সংকটের কারণে আগামী দিনে নতুন বিনিয়োগ ও আমদানি বাড়বে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। দেশের বর্তমান অর্থনৈতিক মন্দা, খেলাপি ঋণ, উচ্চ সুদের হার এবং নীতিগত জটিলতা যৌথভাবে বিনিয়োগ পরিস্থিতিতে জটিল করে তুলেছে। বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ সীমিত থাকায় প্রতি বছর শ্রমবাজারে প্রবেশ করা বিপুল সংখ্যক তরুণের জন্য পর্যাপ্ত মানসম্মত কাজের সুযোগ তৈরি হচ্ছে না।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে আগের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছেন এবং কর্মসংস্থানের গতি কমে গেছে। গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। দারিদ্র্য সীমার কিছুটা ওপরে আছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। এরা যে কোনো দৈব পরিস্থিতিতে দরিদ্র হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন। দরিদ্র মানুষের সংখ্যা ও হার দুটিই বাড়ছে। এদিকে সাধারণ মানুষের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বা পণ্যের দাম দ্রুত বাড়ছে। ফলে প্রকৃত আয় ও সঞ্চয় উভয়ই কমে যাচ্ছে। এ ছাড়া জ্বালানির দাম বৃদ্ধির ফলে আগামীতেও মূলস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
এফএওর হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তার মুখে পড়তে পারে; মূল্যস্ফীতিজনিত ক্রয়ক্ষমতা হ্রাস ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এর প্রধান কারণ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত সোমবার অক্টোবর মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। এ মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ নেমেছে। তাতে দেখা যাচ্ছে অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশ।
আমরা দেখেছি, সাধারণত জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়ে। কিন্তু এবার দেখা যাচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধির পরিবর্তে কমেছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবারের মূল্যস্ফীতিতে প্রতিফলন নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
অর্থনীতিবিদরা মনে করছেন অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু পোশাক খাতের ওপর নির্ভর না করে নতুন পণ্য ও বাজার সৃষ্টি এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে জোর দেওয়া দরকার। রিজার্ভ বাড়ার পাশাপাশি উদ্যোক্তাদের আস্থা ফেরানো, সহজ শর্তে ঋণ প্রদান, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অর্থনীতির অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল এক সাক্ষাৎকারে বলেছেন, দেশে বিনিয়োগকারীদের আস্থা এখনো পুরোপুরি ফিরে আসেনি। বিনিয়োগ পুনরুজ্জীবিত না হলে অর্থনীতির গতি বাড়ানো অসম্ভব।
অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিক করার পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে পদক্ষেপ নিতে হবে। বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটে স্থবির হয়ে রয়েছে দেশের শিল্পকারখানা। বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য নিরবচ্ছিন্ন জালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দেশের বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আধুনিক ও মৌলিক শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কৃষিতে বড় পরিবর্তন এলেও এখনো সব সুবিধা কাজে লাগানো যায়নি। আধুনিক ও যুগোপযোগী কৃষি অর্থনীতি গড়ে তুলতে হবে।
স্বাধীনতার ৫৫ বছর পার করেও একটি বড় জনগোষ্ঠীকে তিন বেলা খাবারের সংস্থান করতে হিমশিম খেতে হচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থান এসেছিল বৈষম্যের বিরুদ্ধে। দেশের মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাবার ন্যায্যতার দাবিতে সাধারণ মানুষ সোচ্চার হয়েছিল। কিন্তু সেই জায়গাটা আজও অপূর্ণই রয়ে গেছে। সাধারণ মানুষকে জীবনের তাগিদে সব বৈষম্য মাথা পেতে নিতে হচ্ছে। দ্রব্যের দাম বাড়লেও কথা বলার শক্তি নেই, হুংকার নেই। রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক সাড়া নেই। এ সংকট অবস্থার উত্তরণ ঘটাতে হলে মানসিকতার ইতিবাচক পরিবর্তন জরুরি।
আমরা দেখেছি, সরকারের রাজস্ব আয় কমে যাওয়ায় ব্যয় মেটাতে ঋণের ওপর নির্ভরতা বাড়িয়েছে। গত তিন মাসে যা ৫ শতাংশের বেশি। এ ছাড়া নভেম্বর থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন-ভাতা পরিশোধ করতে গিয়ে বাড়তি ব্যয় মেটাতে হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিকে এক কঠিন চাপে ফেলেছে। এ অবস্থায় সরকারের অভ্যন্তরীণ সমস্যাগুলো উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করবে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পরিবার কার্ড বাড়াতে হবে। আমরা লক্ষ্য করেছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভাসমান বা অস্থায়ী ঠিকানার মানুষ সরকারি সংস্থা টিসিবির সুবিধা ভোগ করতে পারেন না। তারা অনেক সময় এই সুবিধার বাইরে থেকে যান। এ ক্ষেত্রে ট্রাকসেল সুবিধা বন্ধ না করে এর পরিধি বা আওতা বাড়ানো প্রয়োজন। সর্বোপরি, সুশাসন ছাড়া অর্থনীতির অগ্রগতি টেকসই হয় না। আশা করছি, সরকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পরিচালনায় চাপ ও কষ্ট লাঘবে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
লেখক: সহকারী সম্পাদক, খবরের কাগজ, লেখক ও গবেষক (বেগম রোকেয়া পদকপ্রাপ্ত)
