ড. সুলতান মাহমুদ রানা ।।
একটি রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা কখনোই কারও কাছে কাম্য নয়। এ ধরনের পরিস্থিতিতে শুধু ক্ষমতাসীন রাজনৈতিক দল কিংবা বিরোধী পক্ষের সমস্যা হয় না। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে রাষ্ট্রের সাধারণ মানুষের ওপর।
বিশেষ করে নিম্নআয়ের মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, পরিবহনকর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠী অস্থিতিশীলতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের জীবন প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল।
একদিন কাজ বন্ধ থাকলে একদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। অথচ রাজনৈতিক সংঘাতের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এই মানুষগুলোর অংশগ্রহণ ও প্রভাব সবচেয়ে কম।
বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব, জাতিগত সংঘাত, ধর্মীয় বিভাজন, অর্থনৈতিক সংকট এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও যুদ্ধ, কোথাও গৃহযুদ্ধ, কোথাও রাজনৈতিক সহিংসতা, আবার কোথাও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আস্থার সংকট দেখা যাচ্ছে।
এসব পরিস্থিতি আমাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করে। এক্ষেত্রে অন্যতম প্রধান প্রশ্ন হলো—রাষ্ট্রের রাজনৈতিক মতপার্থক্য কি সংঘাতের মাধ্যমে সমাধান করতে হবে, নাকি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, আলোচনা ও সমঝোতার মাধ্যমে স্থিতিশীলতার পথ তৈরি করা সম্ভব?
রাষ্ট্র পরিচালনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক। বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত, বিরোধী দল, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও শক্তিশালী করে। এমনকি মতপার্থক্য এবং ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু যখন মতপার্থক্যকে শত্রুতায় রূপান্তর করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হয় এবং সংলাপের পরিবর্তে সংঘাতকে প্রাধান্য দেওয়া হয়, তখন অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ে। শেষ পর্যন্ত এর মাশুল দিতে হয় সাধারণ মানুষকে।
বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, রাজনৈতিক ও অন্যান্য সংঘাতের ধরন ভিন্ন হলেও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রায় একই। সুদানে ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী (ঝঅঋ) ও আধাসামরিক বাহিনী জধঢ়রফ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঋড়ৎপবং (জঝঋ)-এর মধ্যে সংঘাত চলছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
২০২৬ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ৮৭ লাখ মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত ছিল এবং আরও প্রায় ৪৬ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছিল। ঘরবাড়ি, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ক্ষমতার দ্বন্দ্বের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ পরিবারগুলো।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক সংঘাত, সশস্ত্র প্রতিরোধ এবং বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। জাতিসংঘের ২০২৬ সালের জুলাইয়ের মানবিক পরিস্থিতি প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ১৬ মিলিয়নের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল এবং প্রায় ৩৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।
সংঘাতের কারণে অনেক এলাকায় মানুষের চলাচল, চিকিৎসাসেবা, শিক্ষা ও খাদ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক সমাধানের অনুপস্থিতি কীভাবে একটি দেশের স্বাভাবিক জীবনযাত্রাকে দীর্ঘদিনের অনিশ্চয়তায় ঠেলে দিতে পারে, মিয়ানমার তার একটি উদাহরণ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব দুই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ, খাদ্যবাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যেও পড়েছে। যুদ্ধের কারণে আবাসন, বিদ্যুৎ, যোগাযোগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তাহীনতা, বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যুদ্ধক্ষেত্র থেকে দূরে বসবাসকারী মানুষও জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে এর পরোক্ষ প্রভাব অনুভব করে।
গাজায় ইসরায়েল-হামাস সংঘাতের ফলে বেসামরিক মানুষের জীবন, আবাসন, স্বাস্থ্যসেবা ও খাদ্যনিরাপত্তা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতের প্রভাব ফিলিস্তিনি জনগণের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করার পাশাপাশি সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করেছে।
ইসরায়েল-ইরান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। এখানে একটি বিষয় স্পষ্ট- সামরিক শক্তি দিয়ে সাময়িক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলেও দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান ছাড়া নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন।
হাইতিতে সশস্ত্র গ্যাংগুলোর সহিংসতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়লে কীভাবে সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী নেটওয়ার্ক সাধারণ মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে পারে, হাইতি তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
এসব উদাহরণ থেকে বোঝা যায়, অস্থিতিশীলতা শুধু রাজনৈতিক সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব ছড়িয়ে পড়ে খাদ্যপণ্য, জ্বালানি, পরিবহন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে। রাজনৈতিক পক্ষগুলোর দ্বন্দ্ব যত দীর্ঘায়িত হয়, সাধারণ মানুষের জীবন তত বেশি অনিশ্চিত হয়ে পড়ে।
সংঘাত এড়াতে হলে যে মতপার্থক্য দূর করে সবাইকে একই মতের অনুসারী হতে হবে তা নয়। মতপার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা যায়, সেটিই সংঘাত নিরসনের মূল লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল অনুসরণ করা যেতে পারে।
প্রথমত, রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দল, ছোট রাজনৈতিক দল, সংখ্যালঘু সম্প্রদায়, নারী, তরুণ, শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গ্রহণ করা প্রয়োজন। রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত হলে অসন্তোষ ও বঞ্চনার অনুভূতি বাড়তে পারে। তাই অংশগ্রহণমূলক রাজনীতি স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।
দ্বিতীয়ত, রাজনৈতিক মতপার্থক্য থাকলে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে সংঘাতের দিকে যাওয়া কোনো স্থায়ী সমাধান নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত সংলাপ, সংসদীয় আলোচনা, নিরপেক্ষ মধ্যস্থতা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে গ্রহণযোগ্য তৃতীয় পক্ষ, নাগরিক সমাজ বা আন্তর্জাতিক সংস্থাকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করা যেতে পারে।
তৃতীয়ত, রাষ্ট্রের আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক অবস্থান কিংবা ক্ষমতার প্রভাবের ভিত্তিতে বিচারব্যবস্থায় বৈষম্য তৈরি হলে মানুষের মধ্যে ক্ষোভ ও অবিশ্বাস বাড়ে। রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদার, জবাবদিহিমূলক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
চতুর্থত, সংঘাত হঠাৎ করে সৃষ্টি হয় না। অনেক সময় রাজনৈতিক উত্তেজনা, সামাজিক বৈষম্য, গুজব, উসকানিমূলক বক্তব্য, অর্থনৈতিক বঞ্চনা এবং সাম্প্রদায়িক বিদ্বেষের মধ্য দিয়ে সংঘাতের পরিবেশ তৈরি হয়। এসব লক্ষণ আগে থেকে শনাক্ত করতে স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে হবে। উত্তেজনা বাড়ার আগেই আলোচনার উদ্যোগ নেওয়া গেলে বড় ধরনের সংঘাত প্রতিরোধ করা সম্ভব।
পঞ্চমত, ভুয়া সংবাদ, অপপ্রচার, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য রাজনৈতিক ও সামাজিক বিভাজন বাড়াতে পারে। বিশেষ করে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যাচাইবিহীন ছবি, ভিডিও ও বক্তব্য দ্রুত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তাই স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, তথ্য যাচাইয়ের ব্যবস্থা এবং নাগরিকদের গণমাধ্যম-সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে, যাতে গুজব প্রতিরোধের নামে ভিন্নমত দমন না হয়।
ষষ্ঠত, সংঘাতের সময় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সাধারণ মানুষের জীবন, সম্পদ ও জীবিকা রক্ষা করা। হাসপাতাল, স্কুল, বাজার, গণপরিবহন, বিদ্যুৎ, পানি ও খাদ্য সরবরাহ সচল রাখতে হবে। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা, নগদ অর্থ সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রাখা প্রয়োজন। রাজনৈতিক সমঝোতার আলোচনা চললেও সাধারণ মানুষের জীবনযাত্রা যেন থেমে না যায়, সেটি নিশ্চিত করা জরুরি।
সপ্তমত, সংঘাত থেমে গেলেই অস্থিতিশীলতার অবসান ঘটে না। সহিংসতার শিকার মানুষদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, ন্যায়বিচার, সামাজিক পুনর্মিলন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। অতীতের অন্যায় ও সহিংসতার নিরপেক্ষ পর্যালোচনা ছাড়া দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা কঠিন। তাই শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় ন্যায়বিচার ও পুনর্মিলনকে সমান গুরুত্ব দিতে হবে।
আমাদের প্রায়ই মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক সংঘাতের কারণে একজন দিনমজুরের কতটা ক্ষতি হয়। ক্ষমতাসীন দল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে হয়তো দিনমজুরের বিষয়টি সামান্য, কিন্তু সেই শ্রমিকের পরিবারের কাছে সেটি অনেক গুরুত্বপূর্ণ।
একজন রিকশাচালকের জন্য পরিবহন চলাচল বন্ধ থাকা মানে উপার্জন বন্ধ থাকা। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বাজার অচল থাকা মানে আর্থিক ক্ষতি। একজন কৃষকের জন্য পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়া মানে উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা।
এছাড়া অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, আতঙ্ক, মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়, রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না, কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে সমস্যায় পড়েন।
ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়লে কর্মসংস্থান কমে যায় এবং দ্রব্যমূল্যের ওপরও চাপ তৈরি হতে পারে। অর্থাৎ রাজনৈতিক সংঘাতের প্রভাব শুধু সংঘর্ষের স্থানে সীমাবদ্ধ থাকে না; তা ধীরে ধীরে একটি দেশের সামগ্রিক অর্থনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দেয়।
লেখক : অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
