শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
সামাজিক সুরক্ষা নাই-দারিদ্রতা বাড়ছে
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪১ এএম |

সামাজিক সুরক্ষা নাই-দারিদ্রতা বাড়ছেঅধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ ।।
০১.০৯.২৫ইং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে জাতীয় সামাজিক সুরক্ষা সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল যার প্রতিপাদ্য ছিল ‘সমতাভিত্তিক সমাজের পথে যাত্রা।’ সম্মেলনে নীতিনির্ধারক, উন্নয়নসহযোগী, শিক্ষাবিদ ও সিভিল সোসাইটির নেতারা অংশগ্রহণ করেছিলেন। সম্মেলনে একজন নীতিনির্ধারক বলছিলেন, দেশে বিপুল সংখ্যক মানুষ দারিদ্রসীমার ঠিক উপরে অবস্থান করছেন, যাঁরা সামান্য ধাক্কায় দরিদ্র হয়ে পড়তে পারেন। আর কিছু মানুষ নাক বরাবর পানিতে দাঁড়িয়ে আছেন, সামান্য ঢেউ এলেই তলিয়ে যাবেন। ন্যায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র থাকতে পারে না। কোনো দেশ এত গরীব হতে পারে না যে তার সব মানুষের জন্য সে অন্তত জীবনধারণের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না। এখন তো আমাদের কোন অজুহাত দেখালে চলবে না যে আমরা সবাইকে ন্যূনতম সামাজিক নিরাপত্তা দিতে পারব না।
অর্থমন্ত্রণালয়ের অর্থায়নে পিপিআরসি এর নির্বাহী প্রধানের গবেষণায় বেড়িয়ে এসেছে গ্রামের তুলনায় শহরের পরিবারগুলো বেশি চাপে রয়েছে। ২০২২ সালে শহরের পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা। অথচ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৬১ টাকায়। অর্থাৎ শহরে আয় কমলেও খরচ বেড়ছে। অন্যদিকে গ্রামের পরিবারে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২২ সালে যেখানে মাসিক গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ২৯ হাজার ২০৫ টাকা। পরিবারের খরচের বড় অংশই চলে যাচ্ছে খাবারের পিছনে। গবেষণা বলছে, একটি পরিবারের মাসিক খরচের প্রায় ৫৫ শতাংশ ব্যয় হয় শুধু খাদ্যে। গবেষক বলেছেন, শুধু জিডিপি নিয়ে আলোচনা করলে চলবে না, এখন অর্থনৈতিক পরিকল্পনায় মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও বৈষম্যহীনতাকে গুরুত্ব দিতে হবে। বর্তমান বাস্তবতায় পাঁচটি নতুন ঝুঁকিকে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। সেগুলো হল দীর্ঘস্থায়ী রোগের বাড়তি চাপ, নারী প্রধান পরিবারের দারিদ্র, ঋণের বোঝা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তাহীনতা ও নিরাপদ সেনিটেশনের ঘাটতি। গবেষক দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশে এখন কর্মসংস্থানের এক ধরনের সংকট বা ‘বেকারত্বের দূর্যোগ’ তৈরি হয়েছে। দেশে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠী বৃদ্ধি পাবে, আমাদের অধোগতি হবে, তা কোনভাবেই কাম্য নয়। দরিদ্র মানুষের সংখ্যা ও অনুপাত কমিয়ে আনাই হতে হবে অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য।
২০২৫ পর্যন্ত দেশে দারিদ্রের হার বেড়েছে। পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত এক সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। এ সংক্রান্ত প্রতিবেদন বলছে, ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে যেখানে সাধারণ দারিদ্র হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে (প্রায় ২৮ শতাংশ)। আর অতি দরিদ্র যেখানে ছিল ৫ দশমিক ৬ শতাংশ, সেখানে তা বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। দুই ক্ষেত্রেই দারিদ্র বৃদ্ধির হার উল্লেখযোগ্য বলতে হয়। এতে বোঝা যায় সরকারের দারিদ্র বিমোচনের কৌশলগুলো ফলপ্রসু হয়নি। উদাহরণস্বরূপ বলা যায়, সামাজিক নিরাপত্তার ৪৪ দশমিক ৩০ শতাংশই প্রকৃত মানুষের হাতে যাচ্ছে না।
দারিদ্র বৃদ্ধির আরেকটি কারণ আয় বৈষম্য। দেশে আয়বৈষম্য প্রকট। ২৩,২৪,২৫ এ তিন বছরে তা আরও বেড়েছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে। নিম্ন ও মধ্যম শ্রেনির মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি; কিন্তু উচ্চবিত্তের আয়ের চেয়ে ব্যয় কম। বৈষম্য কমিয়ে আনার জন্য প্রয়োজন অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ করা। দূর্নীতিও দারিদ্র বৃদ্ধির একটি কারণ বলে মনে করি আমরা, সেবা গ্রহণে পদে পদে ঘুষ দিতে হয় সেবা প্রার্থীদের। সমীক্ষায় দেখা যায়, ২০২৪ সালের আগষ্টের আগে যে কোন সেবা পেতে ৮ দশমিক ৫৪ শতাংশ পরিবারকে ঘুষ দিতে হত। এখন সেটি কমিয়ে এসে ৩ দশমিক ৬৯ শতাংশে ঠেকেছে। তবে সার্বিকভাবে ঘুষ দেয়া কিছুটা কমলেও বর্তমানে কোন কাজ করতে গিয়ে ঝামেলা এড়াতে বেশি ঘুষ দিতে হচ্ছে মানুষকে।
দারিদ্র কমাতে হলে সবার আগে এর বৃদ্ধির কারণগুলো দূর করার বিষয়ে মনযোগী হওয়া দরকার। দেশে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না, বাড়ছে বেকারত্ব। এর অন্যতম কারণ বিনিয়োগে মন্দাভাব। দেশি-বিদেশি নতুন বিনিয়োগ নেই বললেই চলে। অন্যদিকে বিভিন্ন কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বিনিয়োগ না বাড়ালে অর্থনীতির সংকট কাটবে না। বাড়বে না কর্মসংস্থান, যা দরিদ্র পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ পরিস্থিতির উত্তরণে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরী। জোড় দেয়া দরকার কর্মমুখী শিক্ষায়। বেকারত্বের দূর্যোগের বাস্তবতার মধ্যে আমরা অবস্থান করছি। কর্মসংস্থান নিয়ে বড় ধরনের ভাবনা ও জরুরী উদ্যোগ প্রয়োজন। অন্তর্বতী সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছিল, তবে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি এখনো লক্ষ করা যায়নি।
বাংলাদেশে সামাজিক সুরক্ষার যাত্রা শুরু হয়েছিল দূর্যোগ মোকাবেলা থেকেই, আর আজও দূর্যোগ সহনশীল কমিউনিটি গড়ে তোলাই সবচেয়ে শক্তিশালী সামাজিক সুরক্ষা। ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি বলেন, “আমাদের বুঝতে হবে, সামাজিক সুরক্ষা কোন দয়া নয়, এটি একটি অধিকার এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে সামাজিক চুক্তির স্তম্ভ। সামাজিক ভাতা দেয়ার ব্যাপারে উপকারভোগী নির্ধারণে বড় সমস্যা হচ্ছে, যাঁরা ভাতা পান, তাঁদের প্রায় অর্ধেকই এ সুবিধা পাওয়ার যোগ্য নন। তাঁরা ভুতুরে অথবা রাজনৈতিক বিবেচনায় সুবিধা পাচ্ছেন। জাতীয়ভাবে সমন্বিত তালিকা তৈরি করে মাঠ পর্যায়ে তদারকি করা গেলে প্রকৃত উপকারভোগী ও যোগ্যদের নাম বেরিয়ে আসবে। সমতাভিত্তিক রাষ্ট্রে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি সবাইকে বাঁচার  জন্য নূন্যতম যা দরকার, তা দিতে হবে। যাঁর জীবনধারণের কোন উপায় নাই, তাঁকে বিদ্যালয় বা স্বাস্থ্যসেবা কেন্দ্র দিয়ে তো লাভ নাই। সেগুলো গ্রহণ করার মত অবস্থায় তিনি নাই। কাজেই এ দুটি বিষয় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের স্বাধীনতার মূল্যবোধ ও গত বছরের জুলাইয়ের গণঅভ্যত্থানেরও সবচেয়ে বড় বিষয় ছিল সাম্যভিত্তিক বা বৈষম্যহীন সমাজ গড়া। সবার আয় সমান হবে না, তবে সুযোগ সমান থাকতে হবে।
লেখক: সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২