দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন পুলিশ প্রধান। টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। তিনি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার কথা বলেন। তবে কোনোভাবেই নিরপরাধ সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন সেই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশে ২৭ টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।
